খালেদা জিয়া ও তাঁর ছেলেরা বিগত দিনে শোষক ছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সমাবেশে আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেছেন, বিরোধীদলীয় নেত্রী দেশকে শোষক ও শোষিতের মধ্যে ভাগ করেছেন। অথচ তিনি এবং তাঁর ছেলেরাই বিগত দিনে শোষকের ভূমিকা নিয়ে বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল সোমবার চট্টগ্রামের লালদিঘীর মাঠে নগর আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেন। এ অংশটি নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরোধী হিসেবে পরিচিত। সমাবেশে বক্তারা মহিউদ্দিন চৌধুরীর সমালোচনা করে নতুন কমিটি গঠনের দাবি জানান। সমাবেশে বক্তারা ষড়যন্ত্র ও জঙ্গিবাদ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।সমাবেশের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন বলেন, যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। শিগগিরই তাঁদের বিচার শুরু হবে। দেশকে এগিয়ে নিতে হলে নতুন প্রজন্মকে অতীত সম্পর্কে জানতে হবে। চট্টগ্রামের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, উড়াল সড়ক নির্মাণ, সড়ক প্রশস্তকরণসহ অনেক উন্নয়নকাজ শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনকে ২৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আফছারুল আমীন বলেন, চট্টগ্রামের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে মানুষ নতুন মহানগর আওয়ামী লীগ চায়। কারণ, অতীতের ধামাধরা বর্তমান মহানগর কমিটি দিয়ে কোনো উন্নয়ন হবে না। কোতোয়ালি এলাকার সাংসদ নুরুল ইসলাম বিএসসির সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আখতারুজ্জামান চৌধুরী, সাংসদ সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম, নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী প্রমুখ। সমাবেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র মোহাম্মদ হোসেনসহ পাঁচজন ওয়ার্ড কাউন্সিলর এবং সাতজন মহিলা কাউন্সিলর উপস্থিত ছিলেন।নুরুল ইসলাম বলেন, এ মাঠে রোববার আরও একটি সমাবেশ হয়েছিল। সেটি ছিল মহাজোটের। আজকের সমাবেশ হচ্ছে আওয়ামী লীগের মূলধারার। মহিউদ্দিন চৌধুরীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বিগত নির্বাচনে নৌকা মার্কার বিরোধিতা করে আপনি মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। মূলধারা বাদ দিয়ে এখন তিনি মুলা ধরে আছেন।’সাংসদ মইন উদ্দিন খান বাদল রোববারের সমাবেশকে রাজনীতিবিদের জনসভা এবং গতকালের সমাবেশকে বিত্তের সভা আখ্যা দেওয়ায় তাঁরও সমালোচনা করেন নুরুল ইসলাম। তিনি বলেন, ‘ধার করা ব্যক্তি ধার করা মার্কা নিয়ে নেতা হয়েছেন। এর আগে রিকশা মার্কা নিয়ে এক হাজার ২০০ ভোট পেয়েছিলেন। আমাদের নেতা-কর্মীরা দিনরাত পরিশ্রম করে তাঁকে জয়ী করেন।’ তিনি অভিযোগ করেন, মইন উদ্দিনের চাচা মুক্তিযুদ্ধে শান্তি কমিটির সভাপতি ছিলেন।