জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে বলেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচার খাজা নাজিমুদ্দিন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠীর এক আলোচনা সভায় সুরঞ্জিত এ মন্তব্য করেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘জাতীয় সংগীতের চেতনায় জাতি যখন ঐক্যবদ্ধ, ঠিক তখনই বিভ্রান্তি ছড়াতে খালেদা জিয়া ও তাঁর পুত্র এ ধরনের উদ্ভট দাবি করেছেন। অথচ জিয়াউর রহমান জীবিত থাকতে কখনো এ ধরনের দাবি করেননি।’ তিনি বলেন, জিয়াকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার জন্য খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
খালেদা জিয়াকে মুক্তিযুদ্ধের সম্মাননা দেওয়া হাস্যকর মন্তব্য করে সুরঞ্জিত বলেন, ‘নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ। আপনি (খালেদা জিয়া) নতুন করে তাদের বিভ্রান্ত করতে পারবেন না।’
রাষ্ট্রপতি কীভাবে মেজর হলেন, প্রশ্ন তথ্যমন্ত্রীর: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘রাষ্ট্রপতি কীভাবে মেজর হলেন? এই উদ্ভট তথ্য পরিহার করুন ও মিথ্যাচার বন্ধ করুন।’ গতকাল দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের কাছে ইনু এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘যুদ্ধের সময় “প্রথম রাষ্ট্রপতি” বাংলাদেশ সরকারের অধীনে মেজরের চাকরিতে বহাল থেকে যুদ্ধ করেছেন। পরবর্তীকালে তিনি কর্নেল হয়েছেন, সেনাবাহিনীর উপপ্রধান হয়েছেন, প্রধান হয়েছেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরে নিজে নিজেই সামরিক শাসক হয়েছেন। সুতরাং, জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বলাটা একটা মিথ্যাচার।’ তিনি বলেন, জিয়াউর রহমানের জীবদ্দশায় এবং খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে এই উদ্ভট তথ্য তাঁদের মুখে শোনা যায়নি। অথচ লাখো কণ্ঠে যখন সোনার বাংলা সারা দেশে প্রচারিত হচ্ছে, খালেদা জিয়া তখন ঘরে বসে জাতীয় সংগীতে শরিক না হয়ে উদ্ভট তথ্য দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করছেন।