খালেদা জিয়া ও রওশনের সঙ্গে পঙ্কজ সরনের পৃথক বৈঠক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গতকাল বৃহস্পতিবার রাতে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন। এর আগে গতকাল বিকেলে দশম সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর খালেদা জিয়ার সঙ্গে এটাই পঙ্কজের প্রথম সাক্ষাৎ। গতকাল রাত সোয়া আটটার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন পঙ্কজ সরন। এক ঘণ্টার এ সাক্ষাতে ৫ জানুয়ারির নির্বাচন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক, বাণিজ্যিক কর্মকাণ্ড প্রভৃতি বিষয় আলোচনায় গুরুত্ব পায় বলে বিএনপির সূত্রে জানা গেছে।
খালেদার সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের মানুষ তাদের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার নির্বাচিত করবে, এটাই চায় ভারত।
ভারতীয় হাইকমিশনার কোন নির্বাচনের বিষয়ে বলেছে— সাংবাদিকেরা এ প্রশ্নের করলে শমসের মবিন বলেন, ‘সকল নির্বাচন’। তিনি বলেন, খালেদা জিয়া ভারতীয় হাইকমিশনারকে বলেছেন, বিএনপি সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। তবে তার মূল ভিত্তি হবে পারস্পরিক সমমর্যাদা। বৈঠকে শমসের মবিন ছাড়াও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, সাবিহ উদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।
রওশন-পঙ্কজ বৈঠক: গতকাল বিকেল পাঁচটায় দশম সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন।