বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আগামীকাল শনিবার লক্ষ্মীপুর আসছেন। তাঁর আগমন উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়া এদিন বেলা দুইটায় আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন। গত ২৯ জানুয়ারি পুলিশের সঙ্গে সংঘর্ষকালে গুলিতে জেলায় বিএনপির দুই কর্মী নিহত হওয়ার প্রতিবাদে এবং আগামী নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। খালেদা জিয়ার আগমনকে স্বাগত জানিয়ে গতকাল বিকেলে শহরে বিশাল এক মিছিল বের হয়।নেত্রীকে বরণ করতে এরই মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ, হাজীপাড়া, মান্দারী, জকসিন বাজার ও জেলা শহরে শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। এ ছাড়া সাড়ে বারো শ ডিজিটাল ব্যানার ও ফেস্টুন এসব তোরণ এবং শহরের প্রধান সড়কের দুই পাশে বসানো হয়েছে।সমাবেশ সফল করতে জেলার পাঁচটি উপজেলা থেকে দুই লাখ লোককে সমবেত করার তৎপরতা চালাচ্ছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ জন্য নোয়াখালী ও রামগতি থেকে ২৫০টি বাস ও ট্রাক ভাড়া করা হয়েছে।