খালেদা জিয়া কি গৃহবন্দী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কি গৃহবন্দী? নাকি তিনি অন্তরীণ? না অবরুদ্ধ?
অভিধান অনুযায়ী, গৃহবন্দী অর্থ ঘরে আটক। অন্তরীণ অর্থ নির্দিষ্ট স্থানে নজরবন্দী। অবরুদ্ধ মানে রুদ্ধ, গ্রেপ্তার, বন্দী, শত্রু দ্বারা পরিবেষ্টিত।
গত ২৯ ডিসেম্বর খালেদা জিয়াকে তাঁর গুলশানের বাসভবন থেকে বের হতে না দেওয়ায় এবং এর পরদিন থেকে গতকাল পর্যন্ত তিনি আর বাসা থেকে বের না হওয়ায় এ প্রশ্ন জোরেশোরে আলোচনায় এসেছে।
খালেদা জিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘তিনি কার্যত গৃহবন্দী। সরকার তাঁর স্বাভাবিক চলাফেরায় বাধা সৃষ্টি করছে। যেটা সরকার পারে না। সরকার তাঁর গণতান্ত্রিক অধিকার খর্ব করছে।’
তবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়াকে গৃহবন্দী করা হয়নি। গৃহবন্দী করতে হলে প্রজ্ঞাপন জারি করা হয়। এ ধরনের কিছু হয়নি।
আর পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘খালেদা জিয়া নিজেই নিজেকে অন্তরীণ করে রেখেছেন।’
গৃহবন্দী, অন্তরীণ বা অবরুদ্ধের আইনি ব্যাখ্যা জানতে চাইলে পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, গৃহবন্দী বলতে আইনে কিছু নেই। অন্তরীণ হলো—কেউ স্বেচ্ছায় নিজেকে আটকে রাখা অথবা কাউকে জোর করে কোনো জায়গায় আটকে রাখা। অবরুদ্ধ হলো—চারদিক থেকে ঘেরাও হয়ে থাকা। তিনি বলেন, খালেদা জিয়া এর কোনোটিতে নেই। তাঁকে নিরাপত্তা দেওয়া হচ্ছে।
২৯ ডিসেম্বর সারা দেশ থেকে ঢাকামুখী ‘গণতন্ত্রের অভিযাত্রা’য় অংশ নেওয়ার কথা ছিল খালেদা জিয়ার। কিন্তু তার আগের দিন সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ। তাঁর বাসায় ঢোকার রাস্তা বালুর ট্রাক দিয়ে বন্ধ করে দেওয়া হয়। দলীয় নেতারা তাঁর বাসভবনে যেতে চাইলে আটক হন। তবে বিদেশি কূটনীতিকেরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পেরেছেন। ইতিমধ্যে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এবং যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন বাসায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
তবে ৩০ ডিসেম্বর একই কর্মসূচি পালনের ঘোষণা দিলেও খালেদা জিয়া আগের দিনের মতো বাসা থেকে বের হওয়ার চেষ্টা করেননি। এরপর অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও তাঁর বাড়ির সামনে পুলিশি অবস্থান আগের মতোই আছে। গতকালও বাসার প্রধান ফটকের দুই পাশে চারটি বালুভর্তি ট্রাক রাখা ছিল। এগুলো না সরালে কোনো গাড়ি বাসা থেকে বের হয়ে সড়কে উঠতে পারবে না।
জানতে চাইলে গতকাল বাসার সামনে দায়িত্বপ্রাপ্ত পুলিশের একজন কর্মকর্তা বলেন, খালেদা জিয়া বাসা থেকে বের হবেন—এমন কোনো তথ্য তাঁদের কাছে নেই। চাইলে তিনি কি বাসা থেকে বের হতে পারবেন—এ প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, তা ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারেন।
তবে দলীয় সূত্র জানায়, এ কথা ঠিক, হরতাল বা অবরোধের সময় বাসা থেকে বের হন না খালেদা জিয়া। গতকাল বুধবার থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের অবরোধ শেষ না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার বাসা থেকে বের হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা।
অতীতে এ ধরনের কর্মসূচি চলাকালে নিরাপত্তাজনিত কারণে খালেদা জিয়া বাসা থেকে বের হননি। দলের একাধিক নেতা বলেন, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ঢাকা সফরের সময় জামায়াতে ইসলামীর হরতাল থাকায় খালেদা জিয়া ভারতের রাষ্ট্রপতির সঙ্গে পূর্বনির্ধারিত সাক্ষাৎ বাতিল করেছিলেন।
সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে খালেদা জিয়াকে গণভবনে যাওয়ার আমন্ত্রণ জানালে তিনি প্রধানমন্ত্রীকে বলেছিলেন, হরতালের কর্মসূচি শেষ হলে শরিকদের সঙ্গে আলাপ করে তিনি জানাবেন।
দলীয় নেতারা জানান, হরতাল-অবরোধ ডাকলে খালেদা জিয়া গুলশানের বাসা থেকে তাঁর কার্যালয়েও যান না। নেতারা তাঁর বাসায় গিয়ে দেখা করেন।