খালেদা জিয়া গৃহবন্দী - দাবি বিএনপির
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে দাবি করেছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। তিনি অবিলম্বে খালেদা জিয়াকে অবাধ চলাচলের সুযোগ দেওয়ার দাবি জানান।
আজ বুধবার বিকেলে গুলশানে নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে সেলিমা রহমান এ দাবি জানান। ১৮-দলীয় জোটের ষষ্ঠ দফায় ডাকা অনির্দিষ্টকালের অবরোধের প্রথম দিনের পরিস্থিতি তুলে ধরতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচির আগের দিন গত শনিবার থেকে বিএনপির চেয়ারপারসনের বাসার সামনে পুলিশের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি বাসার ফটকের দুই পাশের রাস্তায় বালুভর্তি ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। ২৯ ডিসেম্বর খালেদা জিয়া পুলিশের বাধার মুখে বাসা থেকে বের হতে পারেননি। আজ বুধবারও তাঁর বাসভবন এলাকায় আগের মতোই কড়া নিরাপত্তা-ব্যবস্থা অব্যাহত আছে।
আজ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, ‘খালেদা জিয়া গৃহবন্দী। আমরা এ অবস্থা থেকে তাঁর মুক্তি চাই।’ তিনি বলেন, সত্যিকারের গণতন্ত্র চাইলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবাধ চলাচলের সুযোগ দিতে হবে। ৫ জানুয়ারির নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে সবার অংশগ্রহণে নির্বাচন করতে হবে।
সেলিমা রহমান বলেন, মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা হওয়ার পর থেকেই খালেদা জিয়ার বাসার দুই দিকে বালুর ট্রাক দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অবরুদ্ধ করে রেখেছে। কোনো নেতা-কর্মীকে দেখা করতে দিচ্ছে না। দেখা করতে গেলে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। বিরোধীদলীয় নেতাকে অবরুদ্ধ রেখে সরকার চরম ফ্যাসিবাদ ও রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে।
বিএনপির এই নেত্রী অভিযোগ করেন, আজও সরকার সারা দেশে যৌথ বাহিনী দিয়ে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের বাড়ি-বাড়ি হামলা চালাচ্ছে এবং গণগ্রেপ্তার করছে। দেশের বিভিন্ন জেলায় পুলিশ গুলি চালিয়ে মানুষ হত্যা ও আহত করছে। তিনি বলেন, এভাবে যৌথ বাহিনী দিয়ে নেতা-কর্মীদের হত্যা ও গণগ্রেপ্তার করে আন্দোলন স্তব্ধ করা যাবে না। গণদাবির চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলেও সেলিমা রহমান মন্তব্য করেন।