খালেদা জিয়া ঘরে বসে ক্ষমতার স্বপ্ন দেখেছিলেন: মতিয়া

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, সন্দেশের ওপর কিশমিশ বসিয়ে খালেদা জিয়া ঘরে বসে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। তিনি মার্চ ফর ডেমোক্রেসির নামে ছিনতাইকারী, মাদকাসক্ত ও কিলারদের ভাড়া করে মাঠে নামিয়ে বোমা মেরে, পেট্রলবোমা দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। তিনি নির্বাচনে না এসে সবকিছু হারিয়ে এখন উপজেলা নির্বাচনে এসেছেন।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে পাঁচ দিন বিরতির পর আজ মঙ্গলবার শুরু হওয়া সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মতিয়া চৌধুরী এসব কথা বলেন। মতিয়া চৌধুরী ছাড়াও আলোচনায় অংশ নেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও জাতীয় পার্টির এম এ হান্নান।
আলোচনায় অংশ নিয়ে মতিয়া চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত ষড়যন্ত্রের রাজনীতি এখনো চালিয়ে যাচ্ছে। এ অপশক্তিকে কঠোর হাতে দমন করতে না পারলে দেশের প্রকৃত শান্তি আসবে না।
কৃষিমন্ত্রী বলেন, ৫ জানুয়ারি সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি অগণতান্ত্রিক দল নির্বাচনে অংশ নেয়নি। আর সেই অগণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি আর সন্ত্রাসী সংগঠন জামায়াত। তিনি বলেন, বিএনপি অগণতান্ত্রিকভাবে ক্যান্টনমেন্টে একজন জেনারেলের পকেট থেকে জন্ম নেওয়া দল। বিএনপি কখনোই গণতান্ত্রিক দল নয়। বিএনপি সন্ত্রাসী সংগঠন জামায়াতকে সঙ্গে নিয়ে নৃশংসভাবে মানুষকে পুড়িয়ে মারে, নাশকতা ও ধ্বংসযজ্ঞ চালায়, নির্বিচারে বৃক্ষ নিধন করে। পবিত্র কোরআন শরিফ পোড়াতেও তাদের হাত কাঁপেনি।
মতিয়া চৌধুরী বলেন, নির্বাচনই সরকার পরিবর্তনের একমাত্র সাংবিধানিক পথ। অথচ নির্বাচনে না এসে বিএনপি-জামায়াত বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। সন্দেশের ওপর কিশমিশ বসিয়ে ঘরে বসে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিলেন বিএনপির নেত্রী। কিন্তু ভাড়াটিয়াদের দিয়ে কখনো আন্দোলনে সফল হওয়া যায় না, তা প্রমাণ হয়েছে।
মার্কিনদের নিজেদের ব্যাপারে এক নীতি, আমাদের বেলায় অন্য
মতিয়া চৌধুরী আরও বলেন, ‘আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল যুদ্ধাপরাধীদের বিচার করব। আমরা যুদ্ধাপরাধীদের বিচার করছি, একজনের ফাঁসির রায়ও কার্যকর হয়েছে। দেশে আজ সকল ক্ষেত্রে অভাবিত উন্নয়ন হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মাইলামের একটি মন্তব্যের জবাবে তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, ২০০০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাষ্ট্রপতি পদে আল গোর সে দেশের ভোটারদের ভোটে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতের রায়ে জনগণের সমর্থন পাওয়া আল গোর রাষ্ট্রপতি হতে পারেননি। এতে কি জনগণের রায় প্রতিফলিত হয়েছে? এর কী জবাব দেবেন মাইলামরা? আসলে তাঁদের দেশের ব্যাপারে এক নীতি, আমাদের দেশের বেলায় অন্য নীতি নিয়েই কথা বলেন এসব কূটনীতিকরা।’
মতিয়া চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত ষড়যন্ত্রের রাজনীতি এখনো চালিয়ে যাচ্ছে। এ অপশক্তিকে কঠোর হাতে দমন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন হবে না। ছাত্রদলের আপন ভাই হচ্ছে বিশ্বের তৃতীয় সন্ত্রাসী সংগঠন শিবির। আর এই দুই সংগঠনের জননী হচ্ছেন খালেদা জিয়া। মতিয়া বলেন, ‘আরব লিগ যুদ্ধাপরাধীদের বিচারে সাধুবাদ ও প্রশংসা করছে, আর দেশে কিছু কুলাঙ্গার এর বিরোধিতা করছেন!’