বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আজ শনিবার চট্টগ্রাম যাচ্ছেন। চট্টগ্রামে পাহাড়ধসে নিহত ব্যক্তিদের পরিবারকে সমবেদনা জানাতে ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের জন্য তাঁর এই সফর। দুই দিনের এই সফরে তিনি নিজ নির্বাচনী এলাকা ফেনীও যাবেন।প্রবল বৃষ্টির কারণে সম্প্রতি চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারে পাহাড়ধসে অন্তত ১১০ জনের প্রাণহানি ঘটেছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শুক্রবার অভিযোগ করেন, সরকার যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের ঘটনা ঘটেই চলছে।বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে জানানো হয়েছে, খালেদা জিয়া আজ সকালে গুলশানের বাসা থেকে সড়কপথে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। চট্টগ্রাম পৌঁছে তিনি আকবর শাহ কলোনি এলাকায় থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করবেন। চট্টগ্রাম সার্কিট হাউসে রাত যাপন করবেন। পরদিন রোববার তাঁর নির্বাচনী এলাকা ফেনী-১ আসনে (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) যাবেন। সেখানে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে তিনি ত্রাণসামগ্রী বিতরণ করবেন। রোববার রাতেই তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।বিরোধীদলীয় নেতার চট্টগ্রামে আগমন উপলক্ষে স্থানীয় বিএনপি প্রস্তুতি নিয়েছে। এ নিয়ে গতকাল দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে একটি চট্টগ্রাম বিএনপির কার্যালয় ও অপরটি সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের বাসায় অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়ার পাশাপাশি দলীয় চেয়ারপারসনকে স্বাগত জানানো হবে।সরকার ব্যবস্থা না নেওয়ায় প্রাণহানি হচ্ছে: চট্টগ্রামে পাহাড়ধসে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সরকার যথাযথ ব্যবস্থা না নেওয়ায় প্রতিবছরই এ ধরনের ঘটনা ঘটছে। যারা পরিবেশ আইন ভঙ্গ করছে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে না। এতে পাহাড়ধসে আমাদের মানুষের প্রাণ যাচ্ছে।’গতকাল সদ্য কারামুক্ত বিএনপির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল সাংবাদিকদের এ কথা বলেন।