খালেদা জিয়া জঙ্গিবাদকে উসকে দিচ্ছেন: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদ দেশের রাজনীতির জন্য হুমকিস্বরূপ ও বিপজ্জনক। কিন্তু খালেদা জিয়া আন্দোলনের নামে জঙ্গিবাদ ও নাশকতাকে উসকে দিচ্ছেন।
আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলন করে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে গত শনিবার রাজবাড়ীতে এক জনসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানানো হয়।
১৫ অক্টোবর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ৩০৪ জনকে হত্যা করা হয়েছে বলে খালেদা জিয়ার দেওয়া এক বক্তব্য টেনে তথ্যমন্ত্রী বলেন, ‘যাদের হত্যা ও গুমের কথা বলা হচ্ছে, তাদের নাম-ঠিকানা দেবেন। পদ, শাখা, পিতা-মাতার নামসহ পুরো ঠিকানা দেবেন। এ ছাড়া ৩২ হাজার নেতা-কর্মীর নামে মামলার কথা বলা হয়েছে, তাদের নাম-ঠিকানা দেবেন। যদি দিতে না পারেন, তাহলে জাতির কাছে ক্ষমা চাইবেন।’
একই সঙ্গে তথ্যমন্ত্রী খালেদা জিয়াকে ‘মিথ্যাচার’ বন্ধের আহ্বান জানান।