প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া রাজনীতি করছেন না। দস্যুবৃত্তি করছেন। তিনি জঙ্গি নেত্রী, খুনি, বাংলা ভাইয়ের মা। তাঁর অপকর্মে জনগণ এমনভাবে খেপে আছে যে জনরোষ থেকে বাঁচতে তিনি কাঁটাতারের বেড়া দিয়ে নিজেকে সুরক্ষিত করছেন।
জাতীয় সংসদে গতকাল বুধবার প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির তাজুল ইসলাম চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি-জামায়াত পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করছে। তারা যে জঘন্য কাজ করছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। জনগণ চাইলে এদের রাজনীতি এমনিতেই নিষিদ্ধ হবে।
স্বতন্ত্র সাংসদ হাজি মো. সেলিম সম্পূরক প্রশ্ন করেন, যাঁরা টেলিভিশন ‘টক শো’তে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু লোক উসকানি দিচ্ছে, মানুষের লাশ ফেলে ফায়দা লোটার চেষ্টা করছে। যারা দল করতে পারে না, নির্বাচন করতে পারে না, কিন্তু ক্ষমতার খায়েশ আছে, তাদের খায়েশ পূরণের জন্য শত শত মানুষ পোড়ানো হচ্ছে। আবার কিছু মানুষ আছেন যাঁরা দলও করেন, আবার সুশীলও হয়ে যান। টিভিতে বসে তাঁরা উসকানি দেন। উনারা বসে আছেন, খালেদা জিয়া মানুষ পোড়াবে, ঘটনা একটা ঘটবে, আর তাঁরা ক্ষমতায় যাবেন। কিন্তু উনাদের আকাঙ্ক্ষা পূরণ হবে না। আশা নিরাশা হবে।’
শেখ হাসিনা বলেন, ‘যারা উসকানিদাতা তাদের খবরও আমরা নেব। খুনের দায়দায়িত্ব তাদের ওপরও বর্তাবে। তাদের মনিটর করা হবে। ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘ড. কামাল হোসেন, মান্না গংরা খালেদা জিয়াকে শোক জানাতে গেলেন। ভেবেছিলাম হরতাল-অবরোধ প্রত্যাহারের কথা তাঁরা বলবেন। উনাদের মুখ থেকে একটি বারও এ কথা বের হয়নি। খালেদা জিয়ার ছেলে মারা গেল, দেখতে গেলাম, দরজা বন্ধ করে দেওয়া হলো, অপমান করা হলো।’
খালেদা জিয়ার বিরুদ্ধে মানুষ হত্যার মামলা হবে কি না—সরকারি দলের আবদুল মতিন খসরুর এই সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, জ্বালাও-পোড়াওয়ে যে তাঁর সম্পৃক্ততা আছে, তাতে সন্দেহ নেই। তদন্তসাপেক্ষে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, মানুষের শান্তি দেখলে খালেদা জিয়ার অশান্তি হয়। পরীক্ষা-পড়াশোনায় প্রতিবন্ধকতা দিচ্ছেন। ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হচ্ছে। মানুষের ওপর তিনি প্রতিশোধ নিচ্ছেন। তাঁর বিচার এ দেশে হবে।
সরকারি দলের আবদুর রউফের সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, সন্ত্রাস দমনে দেশে আইনের অভাব নেই। বিশেষ ট্রাইব্যুনাল করা না হলেও প্রয়োজনে আদালত নির্দিষ্ট করে দেওয়া হবে, যাতে দ্রুত বিচার করা যায়। আইনমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কুর্মিটোলা হাসপাতালে একটি বার্ন ইনস্টিটিউট করা হবে।
আবদুর রউফের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের নিরাপত্তায় র্যা ব, পুলিশ, বিজিবি দিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। মহাসড়কে পরিবহন ও যাত্রীদের নিরাপত্তায় হাইওয়ে পুলিশকে সহযোগিতা করতে অঙ্গীভূত আনসার মোতায়েন করা হচ্ছে। সুশীল সমাজের সদস্যসহ এলাকাভিত্তিক গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সন্ত্রাস দমন কমিটি করা হচ্ছে। নাশকতা সৃষ্টিকারীদের প্রতিহত করতে যতটুকু কঠোর হওয়া প্রয়োজন, আমরা তা হব।’