আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দীন) আসনের সাংসদ তোফায়েল আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার অবৈধ। আর খালেদা জিয়া বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবেন না। বারবার দেশ বিক্রি করার অভিযোগ তুলে তিনি দেশকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছেন।ভোলা শহরের নতুন বাজার চত্বরে গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।খালেদা জিয়াকে উদ্দেশ করে তোফায়েল আহমেদ বলেন, তিনি নতুন নেতৃত্ব সৃষ্টি করবেন, মানে ছেলে! যিনি আগের পাঁচ বছর হাওয়া ভবনে বসে সর্বোচ্চ দুর্নীতি করেছেন। যাদের পায়ের তলায় মাটি নেই, তারাই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে। বরাবরই আওয়ামী লীগের সময়ে নিরপেক্ষ নির্বাচন হয়েছে; বগুড়া ও হবিগঞ্জ উপনির্বাচন তারই প্রমাণ।তোফায়েল আহমেদ বলেন, ‘আমাদের সরকার ১০ হাজার টাকায় ল্যাপটপ দিচ্ছে। সাগরমোহনা কুকরিমুকরিতে বসেও ইন্টারনেট-সুবিধা পাওয়া যাচ্ছে। দেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হচ্ছে। দ্রব্যমূল্যও ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। আপনারা শুধু প্রতিটি ওয়ার্ডে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।’ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা ছাত্রলীগের সভাপতি আবিদুল আলম প্রমুখ।বক্তব্য শেষে সদর উপজেলার ১৩টি ইউপির চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।