খালেদা জিয়া দেশে ফিরেছেন
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গতকাল সোমবার ভোরে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৫ জুন সৌদি আরব গিয়েছিলেন। তিনি সেখানে ওমরা হজও পালন করেন। গতকাল ভোর পাঁচটায় গালফ এয়ারের ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান বিএনপির নেতা-কর্মীরা। কেন্দ্রীয় নেতাদের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এ জেড এম জাহিদ হোসেন, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, আমান উল্লাহ, ফজলুল হক, জয়নুল আবদীন ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপি সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন গত রোববার বিকেলে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার পথে রওনা হন। বাহরাইনে যাত্রাবিরতি করেন তিনি। খালেদা জিয়া রিয়াদে বাদশাহ ফয়সাল বিশেষায়িত হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান। তিনি সৌদি বাদশাহর অতিথি হিসেবে জেদ্দায় রাজকীয় একটি প্রাসাদে অবস্থান করেন। সফরে রোববার সৌদি যুবরাজ সালমান বিন আবদুল আজিজ আল সউদ ও জেদ্দায় ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) সদর দপ্তরে মহাসচিব একমেলেদ্দিন এহসানগ্লুুর সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।