খালেদা জিয়া দেশের মানুষের ওপর আস্থা রাখতে পারছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়া দেশের সাধারণ মানুষের ওপর আস্থা রাখতে পারছেন না। তাই বিদেশে গিয়ে সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন। তাদের পায়ের নিচে মাটি নেই। এ জন্য বিনা কারণে হরতাল দিয়ে জনগণকে জিম্মি করছেন। এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া।গত বুধবার নিউইয়র্ক সিটির জ্যামাইকায় যুক্তরাষ্ট্র যুবলীগের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা মিছবাহ আহমদ।মতিয়া চৌধুরী বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রী যখন কালো টাকা সাদা করেন, তখন বুঝতে হবে দুর্নীতি সরকারের কোন পর্যায়ে ছিল। আওয়ামী লীগের সময় শুধু চালের দাম নয়, সারের দাম থেকে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম কমেছে। জিনিসের দাম একটু বাড়লেই বিভিন্ন সংবাদপত্র হইচই ফেলে দেয়। কিন্তু এটা যখন কমানো হয়, তখন তারা কোনো কথা বলে না। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, বিএনপি শুধু ভারতবিরোধিতার কথা বলে। অথচ তাদের সময় ভারত সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে। তিনি আরও বলেন, খালেদা জিয়া ডানে নিজামী আর বাঁয়ে আমিনীকে বসিয়ে দুর্নীতিকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়েছিলেন। ইসলামের নামে তাঁরা অস্থির। অথচ হজ নিয়েও সে সময় কেলেঙ্কারি করেছেন তাঁরা।