আওয়ামী লীগের নেতারা বলেছেন, ‘বিদেশি প্রভুদের’ কাছে গিয়ে মধ্যবর্তী নির্বাচনের দাবি করে খালেদা জিয়া দেশের মানসম্মান ভূলুণ্ঠিত করেছেন। গতকাল রোববার রাজধানীর কাফরুলে আয়োজিত এক সমাবেশে তাঁরা বলেন, সংসদ থেকে পদত্যাগের হুমকি দিয়ে লাভ হবে না। মধ্যবর্তী নির্বাচনের দাবিও উড়িয়ে দেন ক্ষমতাসীন দলের নেতারা।ঢাকা মহানগরের প্রতিটি নির্বাচনী এলাকায় মাসব্যাপী জনসভা কর্মসূচির অংশ হিসেবে গতকাল কাফরুলে ওই জনসভার আয়োজন করা হয়।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব উল আলম হানিফ বিরোধী দলের কঠোর সমালোচনা করে বলেন, কীভাবে দেশের ক্ষতি করতে হয়, তার নমুনা খালেদা জিয়ার বিদেশ সফর। খালেদা জিয়া কী কর্মসূচি নিয়ে বিদেশ সফরে গিয়েছিলেন, তা জনগণ জানতে চায়। আওয়ামী লীগের জনপ্রিয়তা কমে তলানিতে ঠেকেছে বলে বিএনপির নেতা মওদুদ আহমদের দাবি প্রত্যাখ্যান করেন মাহবুব উল আলম হানিফ। আওয়ামী লীগের জনপ্রিয়তা বরং বেড়েছে দাবি করে তিনি সরকারের জনপ্রিয়তা যাচাই করার জন্য বিএনপিকে তাদের শক্ত একটি আসন ছেড়ে দিয়ে উপনির্বাচনে আসার প্রস্তাব দেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য আবারও আন্তর্জাতিক বাজারকে দায়ী করে আওয়ামী লীগের নেতা ও বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, ‘দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে।’আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, সংসদ থেকে পদত্যাগের হুমকি দিয়ে মধ্যবর্তী নির্বাচনের দাবি করে লাভ হবে না।বিএনপির প্রতি প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি এত দিন বলেছে, বিদেশে তাদের কোনো প্রভু নেই। তাহলে আজ বিদেশে খালেদা জিয়া কোন প্রভুদের কাছে গিয়েছেন?’সমাবেশে আরও বক্তব্য দেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আফজাল হোসেন, কামাল আহমেদ মজুমদার প্রমুখ।