বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের কাছে নালিশ করে দেশের সুনাম নষ্ট করছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।গতকাল শনিবার রাজধানীর পোস্তগোলার মহাশ্মশান কালীমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, রামুর ঘটনা দেশের অভ্যন্তরীণ বিষয়। সরকার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনও করছে। অথচ বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এখন চীনে গেছেন সরকারের বিরুদ্ধে নালিশ করতে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ সরকারের কাছে সব ধর্মের মানুষ নিরাপদ। এ ধর্মের প্রতি মানুষ আস্থা রাখতে পারে বলেই পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বিশ্বকে ভ্রান্ত ধারণা দেওয়া হচ্ছে। পূজার নিরাপত্তায় সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, পূজায় কোনো নৈরাজ্য সৃষ্টি করা হলে কঠোর হস্তে তা দমন করা হবে। মহাশ্মশানের সভাপতি নিতাই চন্দ্রের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন স্থানীয় সাংসদ সানজিদা খানম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুণ সরকার প্রমুখ।