খালেদা জিয়া ধর্মপ্রাণ মানুষের মূল্যবোধে আঘাত করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যকে ‘অনভিপ্রেত’ ও ‘শিষ্টাচারবহির্ভূত’ উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের আন্দোলনের বিরুদ্ধে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যকে ধর্মপ্রাণ মানুষের মূল্যবোধে আঘাত হিসেবে চিহ্নিত করেছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। গতকাল শনিবার রাত পৌনে আটটার দিকে শাহবাগের গণজাগরণ মঞ্চের তথ্যকেন্দ্রের সামনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইমরান এইচ সরকার এসব কথা বলেন। মঞ্চের নেতৃত্বকে ‘নষ্ট’, ‘নাস্তিক’ হিসেবে উল্লেখ করায় বিরোধী দলের নেতার সমালোচনা করে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধার স্ত্রী। গণজাগরণ মঞ্চ শুরু থেকে তাঁর প্রতি সম্মান প্রদর্শন করে বিবৃতি দিয়েছে। কিন্তু তিনি একদিকে মঞ্চকে বিকৃত করে ‘ফঞ্চ’ বলেছেন, অন্যদিকে নিজেই ‘মঞ্চ’ নির্মাণের ডাক দিয়েছেন।’ এতে গণজাগরণ মঞ্চের জনপ্রিয়তা ও বিরোধী নেত্রীর স্ববিরোধিতা ধরা পড়েছে।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শুরু থেকেই গণজাগরণ মঞ্চের আন্দোলনের সঙ্গে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মুয়াজ্জিনসহ দেশের প্রধান মসজিদের ওলামা, আলেম, পীর, মাশায়েখসহ খ্যাতনামা ইসলামি চিন্তাবিদেরা একাত্ম হয়ে আছেন। গণজাগরণ মঞ্চের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়েছে। ধর্মপ্রাণ এসব মানুষকে ‘নাস্তিক’ বলে বিরোধী দলের নেতা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।এর আগে সকালে মঞ্চের আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে ইমরান এইচ সরকার বলেন, ‘বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া যাদের নষ্ট তরুণ আর নাস্তিক বলে আখ্যায়িত করেছেন, তারাই একাত্তরে অস্ত্র হাতে দেশ স্বাধীন করেছিল। মুক্তিযুদ্ধের অসমাপ্ত অর্জন পুনরুদ্ধারের জন্য এখন তারা নেমেছে। তরুণদের পাশে, না খুনি-ধর্ষক জামায়াত-শিবিরের পাশে দাঁড়াবেন, এই সিদ্ধান্ত তাঁকেই নিতে হবে।’সমাবেশে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধীরা যেভাবে গণহত্যা-ধর্ষণের মতো অপরাধ সংঘটিত করেছিল, সেভাবে এখনো জামায়াত-শিবির একই ধরনের হত্যা-ভাঙচুরের মতো ঘটনা ঘটাচ্ছে। ভবিষ্যতে যাতে মানবতাবিরোধী অপরাধের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য গণহত্যায় জড়িত সবার বিচার করতে হবে।সমাবেশে মহাপ্রকাশ মঠের অধ্যক্ষ কান্তিবন্ধু ব্রহ্মচারী বলেন, বাংলার হিন্দু, মুসলিম, খ্রিষ্টান ও বৌদ্ধ সবাই মুক্তিযুদ্ধে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে, এখনো সেভাবেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে। মুক্তিযোদ্ধা বিশপ মাইকেল এ শাহ্ বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ ধর্মের ভিত্তিতে বিভাজন হতে পারে না।ব্লগার মারুফ রসুলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা সৈয়দ ইমদাদ উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের শিক্ষক বিমান চন্দ্র বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফরিদউদ্দিন আহমদ এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা।