খালেদা জিয়া নিজেই গ্রেপ্তার হতে চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে প্রাপ্ত
জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে প্রাপ্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জনরোষ থেকে বাঁচার জন্য বিএনপির নেত্রী খালেদা জিয়া এখন নিজেই গ্রেপ্তার হতে চাচ্ছেন। এখন বোধ হয় ভাবছেন কারাগারই হচ্ছে ওনার জন্য নিরাপদ জায়গা। এতে প্রচার-প্রচারণা পাবেন, বিদেশিদের সহানুভূতিও পাবেন।’
গতকাল বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির জিয়াউদ্দিন আহম্মেদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সংসদ নেতা বলেন, তিনি (খালেদা) বোধ হয় নিজেই চাচ্ছেন, তাঁকে গ্রেপ্তার করা হোক। তিনি নাটক করতে অভ্যস্ত। নাটক করে শিরোনাম হতে চান। জঙ্গি তৎপরতা, মানুষ খুন করার কারণে তিনি মানুষের কাছে ঘৃণ্য। দেশবাসী তাঁকে প্রত্যাখ্যান করেছে। এ জন্য তিনি বের হতেই ভয় পাচ্ছেন। মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে, খুন করে তিনি এমন অবস্থায় চলে গেছেন, তিনি নিজেই নিজেকে নিজের অফিসে অবরুদ্ধ করে রেখেছেন। নিজের নিরাপত্তার জন্য নাজিম উদ্দিন রোডেই (কেন্দ্রীয় কারাগার) থাকতে চান।
খালেদা জিয়াকে জঙ্গি নেত্রী আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, ‘দেশে একজন জঙ্গি নেত্রীর উত্থান ঘটেছে। এই নেত্রী আইন মানেন না, নিয়ম মানেন না, আদালত মানেন না, সংবিধান মানেন না, কিছুই মানেন না। তাঁর একটাই কাজ, জঙ্গিবাদী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ খুন করা। দেশ ও মানুষের ক্ষয়ক্ষতির কথা বিবেচনায় না নিয়ে তিনি রুদ্রমূর্তিতে আবির্ভূত হয়েছেন। দেশের রপ্তানিকে ব্যাহত করে চলেছেন। দেশের ভাবমূর্তি নষ্ট করছেন। তবে, আমরা দক্ষতার সঙ্গে বিষয়টি দেখছি। রপ্তানি লক্ষ্যমাত্রা ব্যাহত হবে না। আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব।’
খালেদা জিয়া আইনের শাসন মানেন না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি আদালতে যাবেন না। এ ধরনের পরিস্থিতি যদি চলতে থাকে, তাহলে এর ফলাফল ভবিষ্যতে এই দাঁড়াবে যে কেউই আদালতে যাবেন না। আমি তাঁর দলের নেতাদের সঙ্গেও কথা বলেছি। তাঁরাও খালেদা জিয়ার কর্মকাণ্ড পছন্দ করেন না। তিনি জানেন না, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না।’
খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইঙ্গিত দিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমি আশ্বস্ত করতে চাই, খুনের বিচার দেশের প্রচলিত আইনে হবে। আর আইন-আদালত যদি কেউ অবমাননা করেন, তাহলে আদালত যে নির্দেশনা দেবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
শেখ হাসিনা বলেন, ‘আমি জানি না, বিএনপি নেত্রী কেন আদালতের গেলেন না। তাঁর নাকি নিরাপত্তার অভাব। তাঁর আইনজীলেছবী বলেছেন, নিরাপত্তা দিতে হবে। এটাই দুর্ভাগ্য, যে ব্যক্তি মানুষ খুন করছেন, পেট্রলবোমা মারছেন, সরকারকে তাঁর নিরাপত্তা দিতে হবে। তবুও যাতে আইনের শাসনটা চলে তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। তার পরও তিনি আদালতে গেলেন না। তাঁর বিরুদ্ধে আইনের শাসনে যা আছে, সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
ফরিদপুর, ময়মনসিংহ ও কুমিল্লা বিভাগ হচ্ছে: জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বৃহত্তর ফরিদপুর, ময়মনসিংহ ও কুমিল্লাকে বিভাগ করা হবে। সমস্যা হচ্ছে ফেনী নিয়ে। ফেনীতে জঙ্গি নেত্রীর উত্থানের কারণে চট্টগ্রাম বা কুমিল্লার কেউই জেলাটিকে নিতে চায় না। ফেনীকে আমরা কোন দিকে দেব? ফেনীবাসীর তো কোনো দোষ নেই।’
প্রধানমন্ত্রী জানান, বৃহত্তর ময়মনসিংহ নিয়ে একটি বিভাগ হবে। ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, মাদারীপুর, শরীয়তপুর নিয়ে একটি বিভাগ হবে। কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে একটি বিভাগ হবে। আর ফেনীর বিষয়ে আলোচনায় যেতে হবে। ভৌগোলিক অবস্থা বিবেচনায় কুমিল্লায় থাকাই ভালো হবে।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, বর্তমানে দেশে মাতৃমৃত্যুর হার ১ দশমিক ৯৪। ২০১৬ সালের মধ্যে এই হার ১ দশমকি ৪৩-এ নামিয়ে আনা হবে। ২০১১ সালে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৩৭ শতাংশ। ১৯৭১ সালে এর হার ছিল ৩ শতাংশ। ১৯৭৫ সালে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণকারীর হার ছিল ৭ দশমিক ৭ শতাংশ। ২০১১ সালে তা দাঁড়ায় ৬১ দশমিক ২ শতাংশে। ১৯৭৫ সালে প্রজনন হার ছিল ৬ দশমিক ৩। ২০১১ সালে তা ছিল ২ দশমিক ৩। ১৯৭৫ সালে এক বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার ছিল ১৫০। বর্তমানে তা ৩৩-এ দাঁড়িয়েছে।
প্রশ্নোত্তরের আগে বিকেল পৌনে পাঁচটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।