মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেছেন, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বুঝে গেছেন যে তিনি আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাই তিনি নির্বাচন বানচাল করার জন্য এখন থেকেই ষড়যন্ত্র করছেন।গতকাল শুক্রবার মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীর স্মরণে এ সভার আয়োজন করে প্রজন্ম ’৭১।এ বি তাজুল ইসলাম বলেন, খালেদা জিয়া বুঝতে পারছেন তাঁর কাজকর্মের জন্য তিনি আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। সবাই থাকবে, শুধু উনিই বাদ পড়বেন। আর তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর স্বপ্নও পূরণ হবে না। তাঁর দলের লোকেরাও সেটি বুঝে গেছেন। এ জন্য নতুন মেরুকরণ শুরু হয়ে গেছে।তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, দেশে রাস্তাঘাটের অবস্থা নাজুক। তিনি অবস্থা ঠিক না হওয়া পর্যন্ত গাড়িতে চলাচলের সময় সবাইকে অতিরিক্ত সতকর্তা অবলম্বনের পরামর্শ দেন। সড়ক দুর্ঘটনাকে ‘নীরব হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে তিনি বলেন, প্রতিবছর সড়ক দুর্ঘটনায় কয়েক হাজার মানুষ মারা যাচ্ছে। দেশে সড়কের অবস্থা খুব খারাপ, পরিকল্পনাও দুর্বল। তার ওপর বেশির ভাগ দক্ষ চালক বিদেশ চলে যান।একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, ‘এখানে সংশয়ের কিছু নেই। এ বছরের শেষের দিকে মোটা দাগের অপরাধীদের বিষয়ে রায় হয়ে যেতে পারে।’স্মরণসভায় অন্যান্যের মধ্যে সেক্টর কমান্ডারস ফোরামের সাংগঠনিক সম্পাদক ম. হামিদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সরওয়ার আলী, প্রজন্ম ’৭১-এর সভাপতি আজিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।অন্য বক্তারা বলেন, ‘তারেক মাসুদ ও মিশুক মুনীর ছিলেন আমাদের গর্ব। তাঁরা আমাদের জন্য সম্মান বয়ে এনেছিলেন। তারেক ছিলেন মুক্তিযুদ্ধের স্মৃতি ও চেতনাকে অগ্রসর করার ফেরিওয়ালা। আর মিশুক মুনীর প্রযুক্তির সঙ্গে যুক্ত করে তৈরি করেছিলেন একঝাঁক তরুণ সাংবাদিক।’