খালেদা জিয়া পক্ষ না নিলে জঙ্গিরা আগেই নির্মূল হতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যদি জঙ্গিদের পক্ষ না নিতেন, সঙ্গ না দিতেন, তাহলে অনেক আগেই জঙ্গি নির্মূল সম্ভব হতো বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাসদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

জঙ্গি হামলা ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে ঢাকা মহানগর জাসদ এ কর্মসূচির আয়োজন করে।

জাসদের সভাপতি বলেন, শোলাকিয়া ও গুলশানের হত্যাকাণ্ডের ঘটনা প্রমাণ করে, জঙ্গিরা মানুষ নয়, দানব। নারী, শিশু, বৃদ্ধ, ধর্মীয় নেতাদের হত্যা করে তারা নিজেদের ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। তারা হাজার বছরের ইসলামি রীতিনীতিকেও ধ্বংস করতে চায়।

হাসানুল হক ইনু বলেন, ‘জঙ্গি নির্মূলে বিশ্বের শক্তিশালী দেশগুলোও হিমশিম খাচ্ছে। কিন্তু আমরা জঙ্গি দমনে সক্ষমতা দেখাচ্ছি।’

বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করে মহাজোট সরকারের এ মন্ত্রী আরও বলেন, ‘জঙ্গিদের সঙ্গ ত্যাগ না করে বিএনপি চেয়ারপারসন জনগণের শত্রুর খাতায় নাম লেখাচ্ছেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘জঙ্গিসঙ্গের কারণে খালেদা জিয়া ক্রমাগত জঙ্গিবাদ বিষয়ে পরীক্ষায় ফেল করে যাচ্ছেন। জঙ্গি আর জঙ্গিসঙ্গীদের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ।’

সারা দেশে সন্ত্রাসবিরোধী কমিটিতে জাসদ নেতা-কর্মীদের যুক্ত হওয়ার নির্দেশ দেন জাসদের সভাপতি।

জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, যারা বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টায় লিপ্ত, তারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রে লিপ্ত।

মীর হোসাইন আখতারের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন শাহ জিকরুল আহমেদ, হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, নাইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু প্রমুখ।