খালেদা জিয়া ফিরেছেন সংবর্ধনা, জনভোগান্তি
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে দুই সপ্তাহের সফর শেষে গতকাল রোববার বিকেলে ঢাকায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এই সফরকে সফল উল্লেখ করে বিএনপি বিমানবন্দরে তাঁকে সংবর্ধনা দিয়েছে। এতে বিমানবন্দর সড়কে তীব্র যানজটে পড়ে ভোগান্তির শিকার হন নগরবাসী।বিএনপি সূত্রে জানা গেছে, দেশে গণতন্ত্র সুসংহত ও সুশাসন প্রতিষ্ঠায় অবদান রাখায় যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নিউজার্সি সিনেট খালেদা জিয়াকে সম্মাননা দেওয়ায় দলের সর্বস্তরের নেতা-কর্মী তাঁকে সংবর্ধনা জানিয়েছেন।তবে দেশে ফিরে নেতা-কর্মীদের সংবর্ধনার জবাবে খালেদা জিয়া কিছুই বলেননি। বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত সড়কের দুই পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানানো হাজারো নেতা-কর্মীর উদ্দেশে কখনো কখনো হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এ সময় নেতা-কর্মীরা স্লোগান দেন।খালেদা জিয়াকে সংবর্ধনা দিতে বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত সড়কে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ভিড় করায় ব্যস্ততম এই ভিআইপি সড়ড়ের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খালেদার গাড়িবহর খুব ধীরে সড়ক অতিক্রম করায় যানজট দীর্ঘ হতে থাকে।বিরোধীদলীয় নেতার সফর সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সফর সফল হয়েছে। সরকারি দল সফর নিয়ে যা বলছে, তা বিভ্রান্তিকর। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগ বহুবার বিভিন্ন দেশে গিয়ে ধরনা দিয়েছে। কিন্তু তারা সফল হতে পারেনি। তিনি বলেন, ‘অন্যের সম্পর্কে বলার আগে আওয়ামী লীগের উচিত আয়নায় নিজের মুখটা একবার দেখা।’বিকেল পাঁচটায় খালেদা জিয়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে তিনি ভিআইপি লাউঞ্জে প্রবেশ করলে ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। বিএনপির নেতাদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি।দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, সরকার কেন্দ্রীয় নেতাদের ভিআইপি লাউঞ্জে প্রবেশে বাধা দিয়েছে। এমনকি সাংসদদেরও ঢুকতে দেওয়া হয়নি।বিকেল সাড়ে পাঁচটার কিছু পর খালেদা জিয়া বাইরে বেরিয়ে আসেন। ভিআইপি লাউঞ্জের বাইরের সড়কে অবস্থানরত নেতা-কর্মীদের পক্ষ থেকে তখন বিরোধীদলীয় নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বিএনপির মহানগর আহ্বায়ক কমিটির নেতা এবং মহিলা দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ফুলের পাপড়ি ছিটিয়ে নেত্রীকে স্বাগত জানান।বিমানবন্দরে খন্দকার মোশাররফ সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া দেশে ফিরেছেন। এখন স্থায়ী কমিটির বৈঠকে আলোচনার মাধ্যমে মধ্যবর্তী নির্বাচনের দাবি আদায়ে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। নগরবাসীর ভোগান্তি: খালেদা জিয়াকে সংবর্ধনা দিতে বিকেল চারটা থেকে বিমানবন্দর থেকে স্টাফ রোড পর্যন্ত সড়কের পূর্ব পাশে ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তবে সে সময় তাঁরা সড়কের এক পাশে অবস্থান করায় তেমন যানজট তৈরি হয়নি। কিন্তু পৌনে ছয়টার দিকে খালেদা জিয়া যখন বিমানবন্দর থেকে বেরিয়ে ভিআইপি সড়কে প্রবেশ করেন, তখন থেকে শুরু হয় দুই পাশের সড়কজুড়ে তীব্র যানজট। খালেদার গাড়িবহর খুব ধীরে সড়ক অতিক্রম করায় যানজট বাড়তে থাকে। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত সড়ক দখলে নিয়ে নেন। এই পুরো সড়ক অতিক্রম করতে খালেদা জিয়ার গাড়িবহর সময় নিয়েছে প্রায় দেড় ঘণ্টা। খালেদার গাড়িবহরের সামনে পুরো রাস্তায় মিছিল থাকায় পেছনের কোনো গাড়ি অতিক্রম করতে পারছিল না। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খালেদা জিয়া বনানী অতিক্রম করলেও ওই সড়কে যানজট থাকে রাত নয়টা পর্যন্ত।বহরের পেছনের যাত্রীবাহী বাস সামনে আসতে না পারায় অফিস ছুটির পর নাগরিকদের ওই সড়কে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। প্রতিটি বাস স্টপেজে ছিল যাত্রীদের ভিড়। যানজটে আটকে পড়া অনেককে গাড়ি থেকে নেমে হাঁটতে দেখা গেছে। যানজটে আটকে ছিল অ্যাম্বুলেন্সও। বিশেষ করে ওই সময় যাদের বিমানবন্দরে পৌঁছার কথা ছিল, তাদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। বেশ কিছু বিদেশি ও দেশি নাগরিককে ব্যাগ টেনে হেঁটে বিমানবন্দরের দিকে যেতে দেখা গেছে।