খালেদা জিয়া ফেনী যাচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আজ রোববার চট্টগ্রাম থেকে সড়কপথে ফেনী আসছেন। তিনি তাঁর নির্বাচনী এলাকার (ফেনী-১) বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। এ ছাড়া ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা সদরে বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্য দেবেন।এদিকে গতকাল শনিবার পরশুরামের সুবার বাজার ও ধনিকুন্ডা বাজারে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা খালেদা জিয়ার পথসভার প্রচার মাইক ভাঙচুর ও ছয় প্রচারকর্মীকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরশুরাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেব অভিযোগ করেন, পরশুরামে খালেদা জিয়ার পথসভা উপলক্ষে বিকেলে সুবার বাজার ও ধনিকুন্ডা বাজারে মাইকিং করছিলেন কর্মীরা। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা প্রচার মাইক ভাঙচুর ও ছয় কর্মীকে মারধর করে। আহত ব্যক্তিরা হলেন: আলাউদ্দিন (৫০), আবদুর রহিম (৩৪), জামাল উদ্দিন (৪৫), সুফল (২৮), শামীম (২৭) ও দাউদ (২৪)। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস বলেন, হামলার কথা তিনি শুনেছেন এবং খোঁজখবর নেওয়ার জন্য পুলিশ পাঠিয়েছেন। পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তাদের (বিএনপি) উসকানিমূলক প্রচারণা নিয়ে কথা-কাটাকাটি হয়েছে বলে শুনেছি।’