খালেদা জিয়া বিদেশিদের কাছে ধরনা দিচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনসভায় শেখ হাসিনা
জনসভায় শেখ হাসিনা

বিএনপির আন্দোলনে মানুষ সাড়া দেয়নি বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া দেশের মানুষের সাড়া না পেয়ে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছেন। রাষ্ট্রদূতদের সঙ্গে সপ্তাহে-পনেরো দিনে দেখা করেন। তাঁদের কাছে নালিশ করেন। তিনি ছন্দে ছন্দে বলেন, ‘নালিশ করে কী পেয়েছে, নালিশ করে বালিশ পেয়েছে, ভাঙা জুতার বাড়ি খেয়েছে, বাংলাদেশের মানুষ বাড়িটা দিয়ে দিয়েছে।’
গতকাল শুক্রবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় শেখ হাসিনা এসব কথা বলেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁর সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়াকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘যত জায়গায়ই ধরনা দেন না কেন, তারা যত আশার বাণীই শোনাক না কেন, মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।’ তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে সব ‘অপশক্তির’ বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বৈঠকের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া আন্দোলনের নতুন নতুন সূত্র খুঁজছেন। তাঁর তাড়িয়ে দেওয়া লোকদের কাছে তিনি ধরনা দিচ্ছেন। তিনি বলেন, ‘ছবি দেখলাম, একেবারে লাল টুকটুকে শাড়ি পরে বদু কাকার সাথে সাক্ষাৎ করছেন। আমি ঠিক জানি না, আমাদের বদু কাকা একগুচ্ছ রজনীগন্ধা নিয়ে গিয়েছিলেন কি না ওনার কাছে। কারণ একবার অভিমানভরে বলেছিলেন, একগোছা রজনীগন্ধা হাতে নিয়ে আমি চললাম। এই বলে তিনি চলে গিয়েছিলেন।’ এ সময় প্রধানমন্ত্রী ছন্দ মিলিয়ে বলেন, ‘আবার দেখি আজ দুজনে বসে কূজনে কী কথা বলে।’
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কোথাও ধরনা দিতে যায় না। আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি। আর জনগণের হাতে আমরা ক্ষমতা তুলে দিয়েছি। জনগণের ভোটের অধিকার সুরক্ষিত। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলন হলো বাসে আগুন দেওয়া, মানুষ পুড়িয়ে মারা আর স্কুল ধ্বংস করা। বিএনপি ৫৮৩টি স্কুল পুড়িয়েছে। তিনি বলেন, ‘বিএনপির নেত্রী নিজে ছিলেন ফেলু। তাই আমাদের ছেলেমেয়েরা ফেলু হোক, তা-ই তিনি চান। এ কারণে তিনি আন্দোলনের নামে স্কুল পুড়িয়েছেন।’
শেখ হাসিনা আরও বলেন, বিএনপির নেত্রীর আন্দোলন মানে মানুষ হত্যা করা। তারা হাজার হাজার গাছ কেটেছে। শত শত মানুষ মেরেছে। ১৫০ জনকে পুড়িয়ে মেরেছে। তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড ছাড়া আর কিছুই করতে পারেনি। সে জন্য মানুষ তাদের আন্দোলনে সাড়া দেয়নি। তাই দেশবাসীকে অভিনন্দন।
বিএনপির নেত্রীর প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘মানিকগঞ্জে তিনি বলেছিলেন, লাশ আর রক্ত চান। তাহলে তিনি দেশ উদ্ধার করবেন। কত রক্ত হলে তার পিপাসা মিটবে আমি জানি না। তাঁদের আন্দোলন মানেই ধ্বংসযজ্ঞ।’
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বিএনপি-জামায়াতের আন্দোলন বাঙালি জাতি, সংবিধান ও স্বাধীনতার বিরুদ্ধে। এদের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়া ঘোষণা দিয়েছেন, উপজেলা নির্বাচনের পরে তিনি আন্দোলনে নামবেন। আন্দোলনের নামে তিনি মানুষ হত্যা করবেন।
সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, এম এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।