
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি আশা করি যে বিএনপির নেত্রী খালেদা জিয়া আইন-আদালত মানবেন। তাঁর বিরুদ্ধে জারি হওয়া পরোয়ানা অনুযায়ী তিনি ভদ্রলোকের মতো আদালতে আত্মসমর্পণ করবেন। এটাই ভদ্রলোকের নিয়ম। অন্যথায় জনগণ তাঁকে ছেড়ে দেবে না এবং তিনি জনগণের সামনে যেতে পারবেন না।’
শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর কার্যালয়ে হরতাল, অবরোধ ও অগ্নিদগ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদানকালে এ কথা বলেন। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের চলমান হরতাল, অবরোধ ও অগ্নিসংযোগে নিহত চারজনের পরিবার ও আহত ৩৩ ব্যক্তি এবং ক্ষতিগ্রস্ত ১৯৯টি বাস-ট্রাক ও অন্যান্য যানবাহনের মালিকের হাতে ৫ কোটি ৪২ লাখ ৮ হাজার টাকার চেক তুলে দেন তিনি।
ধ্বংসাত্মক রাজনীতি বন্ধে খালেদা জিয়ার প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী বাংলাদেশকে ধ্বংসের পথে নিতে চান।
শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া আইন-আদালত কিছুই মানেন না। ওনার দুর্নীতির মামলার ৬৭ বার হাজিরার তারিখ ছিল। কিন্তু উনি মাত্র সাত দিন আদালতে গিয়েছেন। অধিকাংশ দিন আদালতে হাজির না হয়ে উনি মূলত আদালত অবমাননা করেছেন। এ ছাড়া বিএনপি নেত্রী তাঁর ক্যাডারদের নিয়ে আদালতে গিয়ে আইনজীবীদের লাঞ্ছিত করে ও গাড়ি পুড়িয়ে আদালতের মর্যাদা ক্ষুণ্নের চেষ্টা করেছেন।’
মানুষ পুড়িয়ে হত্যার জন্য বিএনপি-জামায়াত চক্রের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ওদের মানবিক কোনো অনুভূতি নেই। ওরা মানুষের অভিশাপে ধ্বংস হয়ে যাবে।
শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট তাদের নিজেদের জন্য রাজনীতি করছে, জনগণের জন্য নয়। তারা জনগণ এবং পরিবারের পাশাপাশি দেশ ধ্বংস করছে।
বিএনপি-জামায়াত জোটের হামলায় অগ্নিদগ্ধ এক শিশুর ৩৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত বুধবার মারা যাওয়ার ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কী অপরাধ করেছিল এই শিশুটি? বিএনপি-জামায়াত কেন নিরীহ মানুষদের এভাবে আগুনে পুড়িয়ে হত্যা করছে?’
শেখ হাসিনা আরও বলেন, ‘খালেদা জিয়া তাঁর রাজনৈতিক অফিসে বসে মানুষ পুড়িয়ে মারতে দলের কর্মীদের নির্দেশ দিচ্ছেন। আমি জানি না, তাঁর ছেলে বিদেশে থেকে যখন ধ্বংসাত্মকÄকর্মকাণ্ডের নির্দেশ দিচ্ছেন, তখন তিনি তাঁর গুলশানের অফিসে বসে কী করছেন।’
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ৩৩ জন অগ্নিদগ্ধ ও নিহত চারজনের পরিবারের সদস্যদের প্রত্যেককে ১০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র প্রদান করেন।