খালেদা জিয়া মাঠ গরম করার জন্য কথা বলছেন: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উনি দুবারের প্রধানমন্ত্রী। উনি তো প্রক্রিয়াগুলো জানেন। অথচ পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে বলে উনি মাঠ গরম করার জন্য কথা বলছেন। ওনার কথার আসলে কোনো সত্যতা নেই। জ্ঞানের কোনো প্রতিফলনও নেই।’ বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে এই মন্তব্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের।গতকাল বৃহস্পতিবার সফররত বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নির্বাহী পরিচালক এম এন প্রসাদের সৌজন্যে রাজধানীর সোনারগাঁও হোটেলে দেওয়া নৈশভোজ শুরুর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইকবাল মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন।অর্থমন্ত্রী বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী বলেছেন, আমরা নাকি পদ্মা সেতুর টাকা-পয়সা সব খেয়ে ফেলেছি। ঋণ-সহায়তার এখনো তো কিছু এলই না।’পদ্মা সেতু নিয়ে পত্রপত্রিকায় অনেক বেশি লেখালেখি হচ্ছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আজকেও (বৃহস্পতিবার) বিবিসিতে একটা খবর হয়েছে। আজই নাকি কিছু একটা চূড়ান্ত হয়ে যাবে। এতে আমি বিস্মিত হয়েছি।’পদ্মা সেতুর কাজ শুরুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করে মুহিত বলেন, ‘আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে আগামী জানুয়ারির মধ্যে শুরু করা। প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পরই পদ্মা সেতুর বিষয়ে একটা সুরাহা হবে।’ অর্থমন্ত্রী জানান, পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বিষয়ে নয়, বরং এম এন প্রসাদ বাংলাদেশে এসেছেন সৌজন্য সফরে। কাল (আজ শুক্রবার) সকালেই তিনি চলে যাবেন। গত ৩০ সেপ্টেম্বর এম এন প্রসাদ বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বলে জানান অর্থমন্ত্রী।বিশ্বব্যাংকের কাছ থেকে এ বছর বাজেট-সহায়তা বাবদ কোনো অর্থ পাওয়া যাবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে সহায়তার ব্যাপারে তিনি আশাবাদী।বাজেট ঘাটতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশের মধ্যেই রাখার ব্যাপারে সরকার সচেষ্ট বলে জানান অর্থমন্ত্রী।