বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বিষয়ে ৭ জুন শুনানির দিন ধার্য করেছেন আদালত। খালেদা জিয়ার পক্ষে গতকাল মঙ্গলবার সময়ের আবেদন করা হলে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আমিনুল ইসলাম এ তারিখ ধার্য করেন।
এ মামলায় আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির ধার্য দিনে গতকাল খালেদা জিয়া আদালতে উপস্থিত হননি। খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া সময় চেয়ে আদালতে বলেন, খালেদা জিয়া অসুস্থ। তাই আদালতে হাজির হতে পারেননি। এ জন্য সময় প্রয়োজন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।
এ মামলার অন্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহিদুল ইসলাম, নাইকো রিসোর্সেসের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসেন, বাপেক্সের সাবেক কর্মকর্তা মীর ময়নুল হক, সাবেক কোম্পানি সচিব মো. শফিউর রহমান, ওয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া।
গত বছরের ১৮ জুন এ মামলার ওপর থাকা স্থগিতাদেশ বাতিল করেন হাইকোর্ট। একই সঙ্গে খালেদা জিয়াকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়। ৩০ নভেম্বর বিশেষ জজ আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন নেন।