খালেদা জিয়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন এ মাসেই
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরসূচি এখনো চূড়ান্ত করতে পারেনি বিএনপি। দলীয় সূত্র জানায়, চলতি মাসের ১৪ অথবা ১৭ তারিখে তিনি যুক্তরাজ্যে যেতে পারেন। সেখান থেকে তিনি যাবেন যুক্তরাষ্ট্রে।বিএনপির গুলশান কার্যালয় থেকে জানানো হয়েছে, এ মাসেই খালেদা জিয়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করবেন, এটা নিশ্চিত। জানা গেছে, খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে যাবেন। সেখানে তিনি তাঁর বড় ছেলে তারেক রহমানের কাছে কয়েক দিন কাটাবেন। যুক্তরাজ্য বিএনপির কয়েকটি রাজনৈতিক কর্মসূচিতেও তিনি অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক সফরসূচি অনুযায়ী যুক্তরাজ্য থেকে তিনি ২১ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি ওয়াশিংটন ও নিউইয়র্কে বিএনপির কর্মসূচিতে ভাষণ দেবেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ও বাংলাদেশ ককাসের সদস্যদের সঙ্গে তিনি আলোচনা করবেন বলে জানা গেছে। সফরকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে খালেদা জিয়ার একটি বৈঠক অনুষ্ঠানের চেষ্টা করছে বিএনপি।