খালেদা জিয়া যুক্তরাষ্ট্রে
বিএনপির চেয়ারপারসন এবং বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া যুক্তরাষ্ট্র এসে পৌঁছেছেন। নিউইয়র্কের স্থানীয় সময় গত শনিবার বিকেল তিনটায় তিনি জেএফকে বিমানবন্দরে এসে পৌঁছান। এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে ভার্জিন আটলান্টিক এয়ারলাইনসের একটি বিমানে নিউইয়র্কের উদ্দেশে খালেদা জিয়া রওনা হন। তাঁকে স্বাগত জনাতে যুক্তরাষ্ট্র বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী শনিবার সকাল থেকেই জেএফকে বিমানবন্দরে উপস্থিত হন। পাশাপাশি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ দেখাতে অবস্থান নেয়। এ সময় দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে বিমানবন্দর এলাকায় উত্তেজনা দেখা দেয়। তবে অভ্যর্থনা ও বিক্ষোভ এড়িয়ে বিরোধীদলীয় নেতা ভিন্ন পথে বিমানবন্দর ত্যাগ করেন। বাংলাদেশ সময় আজ সোমবার সকালে বিএনপি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে নিউইয়র্কের হোটেল শেরাটনে খালেদা জিয়াকে সংবর্ধনা দেওয়া হবে। আগামীকাল মঙ্গলবার তিনি সড়ক পথে ওয়াশিংটন পৌঁছাবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা এবং প্রভাবশালী মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটনে পৃথক একটি নাগরিক সংবর্ধনায় বক্তব্য রাখবেন খালেদা জিয়া । আগামী শুক্রবার তিনি লন্ডন হয়ে ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন।