তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশকে ক্ষতবিক্ষত করেছিলেন। খালেদা জিয়াও দেশের পবিত্র সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছেন। তিনি দুর্নীতিবাজ দুই পুত্র তারেক ও কোকোকে রক্ষা এবং যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া নস্যাৎ করতে চাইছেন। তথ্যমন্ত্রী গতকাল শুক্রবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর নতুন বাজারের নবনির্মিত শেড ও অন্যান্য উন্নয়নকাজ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘সংবিধান সংশোধনের আগে বিএনপির জন্য আমরা ১১ মাস অপেক্ষা করেছি। সংবিধান সংশোধনের বিষয়ে সংসদে গিয়ে তারা মতামত পেশ করেনি। উল্টো এ বিষয়ে তারা দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে।’ তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদের সব সুযোগ-সুবিধা ভোগ করেন। অথচ সংসদে গিয়ে জনগণের জন্য কথা বলেন না। আর আড়াই বছর অপেক্ষা করুন। জনগণই এর রায় দেবে।যারা দেশকে ভালোবাসেন তাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির যেকোনো অপতৎপরতা মোকাবিলা করার আহ্বান জানান তথ্যমন্ত্রী।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক কবীর আল আসাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।এর আগে তথ্যমন্ত্রী বকশীগঞ্জ উপজেলা মিলনায়তনে বিভিন্ন মন্ত্রণালয়ের আর্থিক অনুদানের চেক, ত্রাণের ঢেউটিন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের গরু ও ঢেউটিন এবং পাট পচানোর রিবনার মেশিন বিতরণ এবং বকশীগঞ্জ বাজারে নবনির্মিত মহিলা বিপণিবিতান উদ্বোধন করেন।