স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। তাঁর হুমকিকে মহাজোট সরকার ভয় পায় না। জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণ-সম্পর্কিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড খালেদা জিয়া চোখে দেখেন না। সরকারকে ল্যাংড়া ও লুলা করার হুমকি দেন। দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণতন্ত্র নস্যাৎ করার ষড়যন্ত্র করেন।শামসুল হক মহাজোট সরকারের তিন বছরের সাফল্যের পাশাপাশি বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের দুর্নীতি ও অপশাসনের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোটের দুর্নীতি ও স্বজনপ্রীতি বিশেষ করে খালেদা জিয়া ও তাঁর দুই ছেলের দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে বাংলাদেশের অস্তিত্ব হারিয়ে যাচ্ছিল। তাঁদের অপতৎপরতা এখনো থেমে নেই।আলোচনায় অংশ নিয়ে মঞ্জুর কাদের কোরাইশী সরকারকে লুলা-ল্যাংড়া করে দেওয়ার ঘোষণার সমালোচনা করেন। আলোচনায় আরও অংশ নেন জিয়াউর রহমান, সারাহ বেগম কবরী, এইচ এম গোলাম রেজা, আবদুল মান্নান প্রমুখ।