আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল পিছিয়ে দেওয়া হয়েছে। ২৮ মার্চের পরিবর্তে দুই দিনের কাউন্সিল শুরু হবে ১০ জুলাই। দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে এটি পিছিয়ে দেওয়া হলো বলে জানানো হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় গণভবনে কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চক্রান্ত, ষড়যন্ত্র ছাড়া খালেদা জিয়া ও বিএনপি কিছুই বোঝে না। বিএনপির কাউন্সিল অধিবেশনে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘হাসিনাবিহীন নির্বাচন বলতে খালেদা জিয়া কী বোঝাতে চাচ্ছেন? ২১ আগস্টের মতো আবার গ্রেনেড হামলা বা কোনো কিছু করে হত্যার পরিকল্পনা করছেন কি না, সেটাই হচ্ছে আমার প্রশ্ন।’
অতীতেও বহুবার তাঁকে হত্যার চেষ্টা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘ঠিক ২১ আগস্ট গ্রেনেড হামলার আগে আপনারা যদি খালেদা জিয়া বা তাদের দলের নেতাদের বক্তব্য একটু স্মরণ করেন, দেখবেন তখনো তারা আমাকে এমন কথা বলেছে, যে-পথে আমার বাবা গেছেন, সে পথে আমিও যাব। অর্থাৎ ১৫ আগস্ট আবার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে, সেভাবে আমাকে হত্যা করা হবে।’
কাউন্সিল পেছানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘২৮ মার্চ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হতে যাচ্ছে। তা তৃণমূল থেকে আমাদের পার্টির ডেলিগেট ও কাউন্সিলররা আসেন। আমরা নির্বাচনকে গুরুত্ব দিই।’
কার্যনির্বাহী সংসদের বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, মোশাররফ হোসেন, নূহ-উল-আলম লেনিন প্রমুখ উপস্থিত ছিলেন।