খালেদা জিয়া সংঘাত সৃষ্টি করতে চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া হেফাজত ও জামায়াতকে সঙ্গে নিয়ে ক্ষমতায় গিয়ে দেশে ভয়াবহ সংঘাত সৃষ্টি করতে চান। তিনি যুদ্ধাপরাধীদের মুক্ত করে দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষশক্তির অস্তিত্বই বিলীন এবং দেশে আবার জঙ্গিবাদ ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান।
গতকাল বুধবার গণভবনে আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে তৃণমূল নেতাদের ধারাবাহিক মতবিনিময় সভায় গতকাল অংশ নেন ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, শেরপুর, সুনামগঞ্জ, কুষ্টিয়া, চাঁদপুর ও বরগুনা জেলা এবং এসব জেলার সব থানা, উপজেলা ও প্রথম শ্রেণীর পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।
শেখ হাসিনা বলেন, ‘চট্টগ্রামে হেফাজত নেতা মুফতি ইজাহারের মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় দেখা গেছে, কী পরিমাণ বোমা ও গ্রেনেড সেখানে তৈরি করা হচ্ছিল। এগুলো যদি বিস্ফোরিত না হতো, তবে কেউ জানতেই পারত না সেখানে কী হচ্ছে। কত মারণাস্ত্র তারা তৈরি করছে।’ তিনি বলেন, ‘জানি না এটা নিয়ে কী ঘটনা ভবিষ্যতে ঘটতে পারত। আল্লাহর বিধান, তাই তিনিই এটা প্রকাশ করে দিয়েছেন।’
শেখ হাসিনা বলেন, এই হেফাজতে ইসলামকে সঙ্গে নিয়েই ৫ ও ৬ মে বিরোধীদলীয় নেত্রী ক্ষমতা দখল করতে চেয়েছিলেন। তার সঙ্গে রয়েছে জামায়াতে ইসলামী। জামায়াতের সন্ত্রাসের কথা আর বলতে হবে না। হাত কাটা, রগ কাটা, পা কাটা, মানুষ হত্যা সবই তারা করে। এদের নিয়েই বিএনপির নেত্রী ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছেন।
প্রথম বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয়: বাসস জানায়, চাঁপাইনবাবগঞ্জে গতকাল দেশের প্রথম বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়’ নামে এই নতুন বিশ্ববিদ্যালয়টির উদ্বোধন করেন।
পল্লী সঞ্চয় ব্যাংক: প্রধানমন্ত্রী বলেছেন, গ্রামের মানুষের কল্যাণ নিশ্চিত করতে দেশে ‘পল্লী সঞ্চয় ব্যাংক’ প্রতিষ্ঠা করা হবে। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লির জনগণের জন্য ডিজিটাল ব্যাংকিং উদ্বোধন এবং জাতীয় পর্যায়ে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।