খালেদা জিয়া সংবিধান বোঝেন না: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, খালেদা জিয়া ও তাঁর দলের লোক সংবিধান বোঝেন না। তাই তিনি সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার কথা বলেছেন। সংবিধান ছুড়ে ফেলা দেওয়া মানে জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও জাতির জনক বঙ্গবন্ধুকে ছুড়ে ফেলে দেওয়া। তাঁদের নেতা জিয়াউর রহমানও সংবিধান বুঝতেন না। গত রোববার বিকেলে মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে মধুমতী নদীতে একটি নতুন ফেরি সার্ভিস উদ্বোধন উপলক্ষে ননীক্ষির বন্যা আশ্রয়কেন্দ্র মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।বাণিজ্যমন্ত্রী আরও বলেন, এর আগে তিনবার অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে। তিন মাসের জন্য ক্ষমতায় এসে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, ফখরুদ্দীন আহমদ, জেনারেল মইন উ আহমেদ ও মাসুদ উদ্দিন ষড়যন্ত্র করে বাংলাদেশ থেকে গণতন্ত্র চিরতরে নির্বাসনে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। ষড়যন্ত্র করে তাঁরা দুই বছর ক্ষমতায় থেকেছেন। আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন মুকসুদপুর উপজেলার চেয়ারম্যান রবিউল আলম শিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আকরাম হোসেন জাফর ফকির, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, বঙ্গরত্ন কলেজের অধ্যক্ষ অমল কৃষ্ণ বল প্রমুখ। সমাবেশ শেষে বাণিজ্যমন্ত্রী নতুন ফেরি সার্ভিস উদ্বোধন করেন।