খালেদা জিয়া সেনাবাহিনীকে ক্ষমতা গ্রহণের জন্য উসকে দিচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সেনাবাহিনীকে ক্ষমতা গ্রহণ করার জন্য উসকে দিচ্ছেন বলে অভিযোগ করেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।গতকাল শনিবার রাজধানীর মুক্তাঙ্গনে আওয়ামী যুবলীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা সাজেদা চৌধুরী এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘খালেদা জিয়া ষড়যন্ত্র করছেন, সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করে তাঁকে ক্ষমতার তখত-ই-তাউসে বসাবে। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী আর সেই ভুল করবে না। কারণ দেশের সর্বোচ্চ আদালত ইতিমধ্যে রায় দিয়েছেন যে তাদের পূর্বসূরি জিয়া-এরশাদরা ক্ষমতা নিয়ে যা করেছে, তা অবৈধ।’রূপগঞ্জে সেনা আবাসন প্রকল্পের জন্য জমি কেনা নিয়ে সংঘর্ষের ঘটনার কথা উল্লেখ করে সংসদ উপনেতা অভিযোগ করেন, জমি কেনা নিয়ে বিএনপিই সেখানে পরিকল্পিতভাবে গণ্ডগোল পাকায়। তিনি বলেন, ‘খালেদা জিয়া রাত নয়টায় গুলশানের কার্যালয়ে গিয়ে ভোররাত পর্যন্ত থেকে ষড়যন্ত্র করছেন।’সাজেদা চৌধুরী সারা দেশের প্রতিটি স্থানে লুকিয়ে থাকা রাজাকারদের তালিকা তৈরি করে তা দলীয় সভানেত্রী শেখ হাসিনার কার্যালয়ে পাঠানোর জন্য যুবলীগের নেতাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শুধু কজন যুদ্ধাপরাধী নয়, রাজাকারদেরও বিচার করা হবে।যুবলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ মির্জা আজম বলেন, সেনানিবাসের বাড়ি, দুর্নীতিবাজ দুই ছেলে ও যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য খালেদা জিয়া দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন হারুন-অর-রশিদ, মুজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন প্রমুখ।যুবলীগের নেতা বহিষ্কার: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দরখার ইউনিয়ন যুবলীগের নেতা ইউনুছ চৌধুরীকে অনৈতিকতার দায়ে বহিষ্কার করা হয়েছে। ২৯ অক্টোবর এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হয়।ছাত্রলীগের সাবেক নেতাদের বিবৃতি: ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতা গতকাল এক বিবৃতিতে সুধা সদন দখল করে জিয়াউর রহমান স্মৃতি জাদুঘর করা হবে বলে বিএনপির নেতাদের হুমকির তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন, এটা বিএনপির পুরোনো দখলদারি মানসিকতার বহিঃপ্রকাশ। তাঁরা বলেন, আদালতের নির্দেশে খালেদা জিয়া যখন সেনানিবাসের বাড়ি ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন, তখন এ ধরনের আস্ফাালন কতিপয় কাপুরুষের উন্মাদনা ছাড়া কিছুই নয়। বিবৃতিতে লিয়াকত সিকদার, নজরুল ইসলাম, বলরাম পোদ্দার, শাহজাদা মহীউদ্দিন, সাইফুজ্জামান শিখর, পনিরুজ্জামান প্রমুখ সই করেন।