বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ শনিবার রাতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ছেন। সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে তিনি সেখানে ওমরাহ পালন করবেন বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে। ২৭ জুলাই তাঁর দেশে ফেরার কথা আছে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস শাখার কর্মকর্তা শাইরুল কবির জানিয়েছেন, শনিবার রাত নয়টায় এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে খালেদা জিয়া ঢাকা ছাড়বেন। সৌদি আরবে অবস্থানকালে তিনি ওমরাহ পালন এবং মদিনায় মহানবী (সা.) রওজা মোবারক জিয়ারত করবেন।
খালেদা জিয়ার দুই ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও আরাফাত রহমান কোকো সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। দীর্ঘ সাত বছর পর পুরো জিয়া পরিবারের সব সদস্য ওমরা পালনকে কেন্দ্র করে সেখানে মিলিত হবেন।
খালেদা জিয়ার এবারের সৌদি সফরে দলীয় কোনো নেতা সফরসঙ্গী হিসেবে থাকছেন না। তবে তাঁর কয়েকজন ব্যক্তিগত কর্মকর্তা, নেতা ও কয়েকজন সাংবাদিক নিজ উদ্যোগে ওমরায় যাচ্ছেন বলে জানা গেছে।