বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ-সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণা করেন। জানা যায়, এ মামলায় ২০০৮ সালের ২৮ আগস্ট খালেদা জিয়ার জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে কেন তাঁকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রুল মঞ্জুর (এবসলিউট) করে রায় দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোশাররফ হোসেন সরদার।পরে মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, আদালত প্রাথমিক শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন জামিন এবং মঞ্জুর একই সঙ্গে রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত তাঁকে স্থায়ী জামিন দেন। ইতিমধ্যে খালেদা জিয়ার জামিনের মেয়াদ ছয়বার বাড়ানো হয়।মোশাররফ হোসেন সরদার প্রথম আলোকে বলেন, এ মামলার কার্যক্রম বাতিল চেয়ে খালেদা জিয়া হাইকোর্টে ইতিপূর্বে আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে আদালত রুল ও স্থগিতাদেশ দিয়েছিলেন। এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর জামিন বলবৎ থাকবে। এর আগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) বিএনপির চেয়ারপারসনসহ ১৬ জনকে আসামি করে শাহবাগ থানায় ওই মামলাটি করে। খালেদা জিয়ার আবেদনে মামলাটির কার্যক্রম স্থগিত আছে বলে জানা গেছে।