খালেদা জিয়া হাজির হননি, অভিযোগের শুনানি ১২ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ‘অসুস্থতার’ কারণে আদালতে হাজির না হওয়ায় গতকাল বুধবার নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয়নি। তাঁর পক্ষে সময়ের আবেদন করা হলে ঢাকার বিশেষ জজ-৯-এর বিচারক আমিনুল ইসলাম তা মঞ্জুর করে শুনানির জন্য আগামী ১২ এপ্রিল দিন ধার্য করেন।
গতকাল এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়ার সময়ের আবেদন মঞ্জুর করে আদালত নতুন তারিখ ধার্য করেন।
২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। এতে আসামিদের বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।
পরে নাইকো মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ও নিম্ন আদালতে মামলার কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন খালেদা জিয়া। ২০০৮ সালের ১৫ জুলাই বিচারিক আদালতে মামলার কার্যক্রম স্থগিত করার পাশাপাশি রুল দেন হাইকোর্ট। ওই সময় থেকে মামলাটির কার্যক্রম স্থগিত ছিল।
গত বছরের শুরুতে মামলাটির কার্যক্রম আবার চালু করার উদ্যোগ নেয় দুদক। ১৯ এপ্রিল রুল শুনানি শুরু হয়, ২৮ মে শেষ হয়। ১৮ জুন রুল খারিজ করেন হাইকোর্ট। একই সঙ্গে মামলার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়ে খালেদা জিয়াকে দুই মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত। এরই ধারাবাহিকতায় তিনি ৩১ ডিসেম্বর নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।