খালেদা জিয়া হেফাজতি মার্কা রাষ্ট্র কায়েম করতে চান: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পানি ঘোলা করে ভিন্ন কিছু করার চিন্তা করছেন। দেশকে অসাংবিধানিক পন্থার দিকে ঠেলে দেওয়ার চিন্তা করছেন। তিনি নির্বাচন ছাড়া বাংলা ভাই, তালেবানি ও হেফাজতি মার্কা রাষ্ট্র কায়েম করতে চান।গতকাল রোববার তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবির বিষয়ে সরকারের ব্যাখ্যা তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।বিরোধী দলের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি নাকচ করে দিয়ে তথ্যমন্ত্রী বলেছেন, ‘পুরোনো ধাঁচের তত্ত্বাবধায়ক কাঠামো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তবে নির্বাচনকালীন রূপরেখা নিয়ে আলোচনা হতে পারে। আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে একটি সমঝোতা করতে পারব এবং নির্বাচনকালীন রূপরেখা তৈরি করতে পারব। আমরা নির্বাচনকালীন গ্রহণযোগ্য সরকার চাই এবং তা খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেই করতে চাই।’বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাহার করে প্রধানমন্ত্রীর আহ্বানে সংলাপে সাড়া দেওয়ার অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘শর্ত প্রত্যাহার করে নিন। আপনার পছন্দমতো জায়গাতেই সংলাপ হবে।’তথ্যমন্ত্রী বলেন, ‘ওনার (খালেদা জিয়া) বক্তব্যের পর আমাদের ধারণা হয়েছে, উনি নির্বাচন ছাড়াই বাংলা ভাই, তালেবানি ও হেফাজতি মার্কা রাষ্ট্র কায়েম করতে চান। তাঁর ওই বক্তব্যের (শনিবারের সমাবেশে দেওয়া) মধ্য দিয়ে তিনি গণতান্ত্রিক রাজনীতির জন্য দুঃখজনক বার্তা দিলেন। হেফাজতে ইসলামকে সমর্থন দিয়ে তিনি সরাসরি তালেবানি রাষ্ট্র কায়েমের সমর্থন দিলেন।’হেফাজতে ইসলামের দাবির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘হেফাজতে ইসলামের প্রতি আহ্বান জানাই, আট মাস পর নির্বাচন, নির্বাচনে আসেন, জনগণের কাছে দাবি তুলে ধরেন, ভোটে জিতে সংসদে বসেন এবং আপনাদের পছন্দমতো আইন করেন। রাজপথে হাঙ্গামা করে কোনো আইন বদল হবে না।’