খালেদা জিয়া ১২ মে বরিশাল সফরে যাচ্ছেন
বিএনপির বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে ১২ মে বরিশাল সফরে যাচ্ছেন সংসদে বিরোধীদলীয় নেত্রী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়া। ওই দিন তিনি নগরের বঙ্গবন্ধু উদ্যানে জেলা বিএনপি আয়োজিত মহাসমাবেশে ভাষণ দেবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন বরিশাল সদর আসনের সাংসদ মজিবর রহমান সরোয়ার।দলীয় সূত্রে জানা গেছে, মহাসমাবেশের বিভাগীয় সমন্বয়কারী করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। তিনি গত মঙ্গলবার দক্ষিণাঞ্চল বিএনপির শীর্ষনেতাদের নিয়ে ঢাকায় প্রস্তুতি সভা করেন। মহাসমাবেশ সফল করতে আটটি সাংগঠনিক টিম ও সাতটি উপকমিটি গঠন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতারা ৩০ এপ্রিল থেকে জেলা, উপজেলা, থানা ও পৌরসভার নেতাদের সঙ্গে সভা করবেন। সাংসদ মজিবর রহমান সরোয়ার বলেন, ‘মির্জা আব্বাস বরিশালে এসে সব কমিটি নিয়ে বসে দায়িত্ব বণ্টন করে দেবেন। তবে আমরা সার্বিক প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছি।’