
গত তিন মাসে বিএনপি-জামায়াতের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির নেত্রী পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ করে জনগণকে হত্যা করেছেন এবং বাস পুড়িয়েছেন। সেই একই হাত দিয়ে তিনি এখন সিটি করপোরেশন নির্বাচনে ভোট চাচ্ছেন। তিনি কীভাবে তাঁর দলের প্রার্থীর ‘বাস’ প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন?
গতকাল রোববার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ কৃষক লীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
শেখ হাসিনা বলেন, যারা জনগণকে জীবন্ত¯পুড়িয়ে হত্যা করে, জনগণ তাদের ঘৃণা করে। বিএনপি-জামায়াত জোটের বর্বর কর্মকাণ্ডের কারণে গত তিন মাস ব্যবসায়ীরা দোকান খুলতে এবং তাঁদের ব্যবসা-বাণিজ্য করতে পারেননি। কিন্তু বিএনপির নেত্রীকে গতকাল গুলশানে একজন দোকানদারের কাছে ভোট চাইতে দেখা গেছে। দোকানদারকেও হাসতে দেখা গেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, যারা জনগণকে হত্যা করেছে, পুড়িয়ে মেরেছে, সম্পদ ধ্বংস করেছে, বাস ও ট্রাক জ্বালিয়ে দিয়েছে, তারা জনগণের কাছ থেকে করতালি পাচ্ছে। আমরা অদ্ভুত এক দেশে বাস করছি।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, দলের সাংগঠনিক সম্পাদক ও কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমও বক্তৃতা করেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা।
আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে এই প্রকল্প: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প যথাযথভাবে বাস্তবায়িত হলে তা অল্প সময়ের মধ্যে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দারিদ্র্য বিমোচন এবং শহর ও গ্রামের মানুষের মধ্যে আয়বৈষম্য হ্রাস দ্রুততর করতে এ প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
গতকাল রোববার প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নির্দেশ দেন।
এশিয়া-আফ্রিকা সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী: বার্তা সংস্থা ইউএনবি গতকাল জানায়, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিতব্য এশিয়া-আফ্রিকা সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের এ সম্মেলন শুরু হবে আগামী বুধবার।
৩৪টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আরও ৭৭টি দেশের প্রতিনিধি ওই সম্মেলনে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম এশিয়া-আফ্রিকা সম্মেলনের বিষয়ে আজ সোমবার সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানিয়েছেন একজন কর্মকর্তা।