খালেদা জিয়াও ফোন করেছেন নরেন্দ্র মোদিকে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল রোববার রাত সোয়া ১০টার দিকে খালেদা জিয়া নরেন্দ্র মোদিকে ফোন করেন। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান প্রথম আলোকে এ কথা জানান।
মারুফ কামাল খান বলেন, শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি খালেদা জিয়া আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশ একসঙ্গে কাজ করে যাবে। দুই দেশের মধ্যকার বিদ্যমান সমস্যাগুলো আলোচনার মাধ্যমে নিরসন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
দলীয় সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে মোদিকে ফোন করা হয়। দুই নেতার মধ্যে পাঁচ মিনিট কথোপকথন হয়৷ এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, সাংবাদিক শফিক রেহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিউদ্দিন আহমেদ ও মারুফ কামাল খান উপস্থিত ছিলেন।