খালেদা জিয়াকে ক্ষমা চাইতে হবে: সেলিম
গোপালগঞ্জ সম্পর্কে ‘বেসামাল’ উক্তি করায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ শেখ ফজলুল করিম সেলিম।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে শেখ সেলিম খালেদা জিয়ার প্রতি এ আহ্বান জানান। খালেদা জিয়া সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে করে বলেন, ‘গোপালিকে ক্রেন দিয়ে তুলতে হবে।’
শেখ সেলিম খালেদা জিয়াকে হুঁশিয়ার করে বলেন, ‘গোপালগঞ্জ সম্পর্কে আর কোনো ধরনের উক্তি করলে জনগণ আপনাকে উচিত শিক্ষা দেবে।’ তিনি বলেন, ‘সরকারের ট্রেন ভালোভাবে চলছে। বরং খালেদা জিয়া রাজনৈতিক ট্রেন থেকে ছিটকে পড়েছেন। এখন তিনি ফুটপাত দিয়ে হাঁটছেন।’
শেখ সেলিম বলেন, ‘গোপালগঞ্জ বঙ্গবন্ধুর জন্মস্থান। গোপালগঞ্জ দেশের রাজনৈতিক তীর্থস্থান। মনে হয়, খালেদা জিয়া সুস্থ নন। তিনি বেসামাল হয়ে গেছেন। তাঁকে পাকিস্তানে নিয়ে চিকিত্সা করা হোক।’ তিনি বলেন, ‘খালেদা জিয়াকে বঙ্গবন্ধু জিয়াউর রহমানকে বলে তাঁর ঘরে তুলে দিয়েছিলেন। সেদিন বঙ্গবন্ধু তাঁকে ঘরে তুলে না দিলে ফুটপাতেও তাঁর জায়গা হতো না।’
শেখ সেলিম বলেন, ‘খালেদা জিয়া গোপালগঞ্জের নাম পাল্টাতে পারবেন না। তাঁকেই ট্রেনে করে পাকিস্তানে যেতে হবে।’
দ্রুত তিস্তা চুক্তি করার তাগিদ তাজুলের
এর আগে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী দ্রুত তিস্তার পানিচুক্তি করার আহ্বান জানান। তিনি বলেন, তিস্তার বুকে এখন বালুচর। এ সময় তিস্তায় তিন হাজার কিউসেক পানি থাকার কথা ছিল। এখন সাড়ে ৪০০ কিউসেক পানি আছে। তিনি বলেন, ভারত তার অভ্যন্তরীণ রাজনীতির কথা বলে তিস্তা চুক্তি করছে না। তিস্তায় পানি না থাকায় বোরো চাষ ব্যাহত হচ্ছে। তিনি দ্রুত তিস্তার পানিচুক্তি করার তাগিদ দেন।