খালেদা জিয়াকে গ্রেপ্তার করবে না সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নির্মাণকাজ পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভালুকা উপজেলার ভরাডোবা এলাকা থেকে গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নির্মাণকাজ পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভালুকা উপজেলার ভরাডোবা এলাকা থেকে গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

সরকার খালেদা জিয়াকে গ্রেপ্তারের ষড়যন্ত্র করছে, বিএনপির এমন অভিযোগ নাকচ করে দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত সরকারের নেই।
গতকাল শুক্রবার সকালে গাজীপুরে বিআরটিসির বাস ডিপো পরিদর্শন ও অবৈধভাবে লেগুনা তৈরির কারখানার বিরুদ্ধে অভিযান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কয়েকজন নেতা বলছেন যে সরকার খালেদা জিয়াকে গ্রেপ্তারের চক্রান্ত করছে। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে গ্রেপ্তারের চিন্তাভাবনা সরকার করছে বলে সরকারের একজন মন্ত্রী হিসেবে আমার জানা নেই।’
মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে পরিবহন এবং রাস্তায় বিশৃঙ্খলা রয়েছে। এগুলো রাতারাতি দূর করা যাবে না। এর জন্য আরও ক্যাম্পেইন করতে হবে, আরও সচেতনতামূলক এজেন্ডা হাতে নিতে হবে এবং এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
এর আগে সকালে মন্ত্রীর নির্দেশে গাজীপুরের সালনা এলাকায় পুরোনো মাইক্রোবাস কেটে অবৈধ লেগুনা তৈরির কারখানায় অভিযান চালান বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবুল ফতেহ মো. সফিকুল ইসলাম অবৈধ লেগুনা তৈরির দুটি কারখানা ও ওয়ার্কশপ সিলগালা এবং তিনটি লেগুনা ডাম্পিংয়ের নির্দেশ দেন। এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের নগপাড়া এলাকায় বিআরটিসির বাস ডিপোতে অব্যবস্থাপনা ও কর্তব্যে অবহেলার জন্য বিআরটিসি চেয়ারম্যানকে ডিপোর ব্যবস্থাপকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন মন্ত্রী।
এরপর গতকাল দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের অসমাপ্ত ১১ কিলোমিটারের কাজ পরিদর্শন করতে গিয়ে ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ভুল রাজনীতি ও সাংগঠনিক দুর্বলতার কারণেই বিএনপির আজ দৈন্যদশা। তারা নিজেরাই নিজেদের শত্রু।’
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক নিয়ে মন্ত্রী বলেন, ‘এই মহাসড়কের ভালুকা উপজেলার ১১ কিলোমিটারের নির্মাণকাজ এখনো চলছে। নির্মাণাধীন ওই অংশকে সড়কের বেহাল দশা উল্লেখ করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ঈদের আগে কাজ শেষ হয়ে যাবে।’