খালেদা জিয়াকে গ্রেপ্তার করাটা ‘বিভীষিকাময়’ পদক্ষেপ হবে: বিএনপি
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হতে পারে, এ ধরনের একটি প্রচারণা রয়েছে। এই প্রচারণার ক্ষেত্রে সরকার বিশেষ ভূমিকা রাখছে বলে অভিযোগ করেছে বিএনপি।গতকাল বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান এ অভিযোগ করেন। একই সঙ্গে তিনি এও বলেন, খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলে তা হবে ‘ভয়ংকর ও বিভীষিকাময়’ পদক্ষেপ। এ ধরনের পদক্ষেপ না নিতে সরকারে প্রতি আহ্বান জানান তিনি।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামসুজ্জামান বলেন, ‘দেশনেত্রীকে আলাদা করে কবে গ্রেপ্তার করা হবে, তা আমরা জানি না। তবে এ নিয়ে এক ধরনের প্রচারণা দেশে রয়েছে।’ এ ধরনের প্রচারণাকে একটি মনস্তাত্ত্বিক লড়াই আখ্যা দিয়ে শামসুজ্জামান বলেন, ‘এসব করে কাজ হবে না।’আজ বৃহস্পতিবার ইসলামী ছাত্রশিবিরের ডাকা হরতালে বিএনপি সমর্থন দেবে কি না, এ প্রশ্নের জবাবে শামসুজ্জামান বলেন, এখনো পর্যন্ত এই হরতালে ‘না বিরোধিতা, না সমর্থনের’ সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ ও শামীমুর রহমান।