খালেদা জিয়াকে গ্রেপ্তার করার দাবি ছাত্রলীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী সহিংসতা, শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও সংখ্যালঘুদের ওপর হামলার নির্দেশদাতা হিসেবে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সন্ত্রাস দমন আইনে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। দশম সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের প্রতিবাদে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান এ দাবি জানান। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বদিউজ্জামান বলেন, খালেদা জিয়া আন্দোলনের নামে দেশকে ধ্বংস করতে নীলনকশা করছেন। তাঁর নির্দেশে মানুষ হত্যা, রেললাইন উপড়ে ফেলা, বোমাবাজিসহ বিভিন্ন নাশকতা করা হচ্ছে। বিএনপি-জামায়াত জোট কোমলমতি শিক্ষার্থীদের বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ পুড়িয়ে দিয়েছে। তারা একাত্তর সালের মতো সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ওমর শরীফের সঞ্চালনায় সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদি হাসান মোল্লা বক্তব্য দেন।