ভৈরব সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদ করতে চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সূত্র জানায়, এ ব্যাপারে শিগগির খালেদা জিয়াকে তারা আবারও চিঠি দেবে।খালেদা জিয়াকে এ বিষয়ে এর আগেও চিঠি দিয়েছে দুদক। তবে তিনি দুদকের সঙ্গে কথা বলতে রাজি হননি। বরং তিনি দুদকের কাছে বিভিন্ন নথি চেয়ে চিঠি পাঠিয়েছিলেন। সূত্র জানায়, খালেদা জিয়াকে এসব নথিপত্র দেওয়া হবে কি না, সে বিষয়ে দুদক এখনো সিদ্ধান্ত নেয়নি। খালেদা জিয়া দুদককে বলেছেন, প্রধানমন্ত্রী থাকাকালে তিনি অনেক নথিপত্রে সই করেছেন। সবকিছু মনে রাখা তাঁর পক্ষে সম্ভব নয়। এ জন্য তাঁর কিছু কাগজপত্র দেখা প্রয়োজন।দুদকের একজন উপপরিচালক এ বিষয়ে প্রথম আলোকে বলেন, কমিশন এখন পর্যন্ত এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি।সূত্র জানায়, খালেদা জিয়ার বিরুদ্ধে ভৈরব সেতু নির্মাণসংক্রান্ত দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধান করছে দুদক। তাঁদের কাছে অভিযোগ এসেছে, প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়া সেতু নির্মাণের কাজে নিয়োজিত প্রতিষ্ঠান অ্যাডমন্ড নাটাল লিমিটেডকে অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন। এ অর্থ বরাদ্দের কোনো প্রয়োজন ছিল না। এ টাকা আত্মসাত্ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ আছে। দুদকের একজন উপপরিচালক এ অভিযোগের বিষয়ে অনুসন্ধান করছেন।এ বিষয়ে জানতে চাইলে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, ‘ভৈরব সেতু নির্মাণ নিয়ে আমরা দুর্নীতির অভিযোগ পেয়েছি। কমিশনের তরফ থেকে এ জন্য একজন অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। যদি দেখা যায়, দুর্নীতি হয়েছে, তবে মামলা হবে। আর যদি দেখা যায়, দুর্নীতি হয়নি, তাহলে তা নথিভুক্ত হয়ে যাবে।’দুদকের একটি সূত্র জানায়, অনুসন্ধানের কাজ অনেকখানি এগিয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মূল অভিযোগ থাকলেও এ পর্যন্ত অনুসন্ধানে ঘটনার সঙ্গে তত্কালীন সরকারের আরও অনেকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।তবে খালেদা জিয়ার আইনজীবী মাহাবুবউদ্দিন খোকন বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। তাঁকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই এসব অভিযোগ আনা হচ্ছে। দুদকের চিঠি পেলে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।মাহমুদুর রহমানকে চিঠি: এদিকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন, প্রভাব খাটিয়ে ঋণ পুনঃ তফসিলীকরণ, তত্ত্বাবধায়ক সরকারের আমলে উত্তরায় সরকারি কর্মকর্তাদের নিয়ে গোপন বৈঠক করাসহ নানা বিষয়ে বিগত জোট সরকারের জ্বালানি উপদেষ্টা ও আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করতে চায় দুদক। এ ব্যাপারে গত বুধবার দুদকের পক্ষ থেকে মাহমুদুর রহমানের বাসায় একটি চিঠিও পাঠানো হয়। চিঠিতে ১৬ মার্চ দুদকে উপস্থিত হয়ে তদন্তকাজে সহযোগিতা ও বক্তব্য দিতে তাঁকে অনুরোধ করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।