খালেদা জিয়াকে তওবা করতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বক্তব্য দেওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে তওবা করার অনুরোধ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেই সঙ্গে তাঁকে জাতির কাছে ক্ষমা চাইতেও বলেছেন তিনি।
গতকাল শুক্রবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে আওয়ামী লীগের এক সমাবেশে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশের শিশু-কিশোর সবাই জানে মুক্তিযুদ্ধে কত মানুষ শহীদ হয়েছেন, কত মা-বোন ইজ্জত দিয়েছেন, কত মানুষের রক্তে হাওর-নদী-পুকুর রঞ্জিত হওয়ার পর আমরা স্বাধীনতা পেয়েছি। এখন তিনি বলছেন হিসাব সঠিক নয়। আমার মনে হয়, এ জন্য তাঁর তওবা কাটা উচিত। জাতির কাছে তাঁকে ক্ষমা চাইতে হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘নানা ষড়যন্ত্র হচ্ছে, এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই। বাংলাদেশ ও শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না।’
বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকরের সভাপতিত্বে সমাবেশে অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান, সাংসদ মুহিবুর রহমান, মোয়াজ্জেম হোসেন ও শামসুন্নাহার বেগম, আওয়ামী লীগের নেতা করুণাসিন্ধু চৌধুরী ও আবুল কালাম, বাদাঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন, উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।