খালেদা জিয়াকে তিনটি শর্ত মানতে হবে: সুরঞ্জিত
আগাম নির্বাচন ও সরকারের সঙ্গে সংলাপ চাইলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনটি শর্ত মানতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত শর্তগুলো উল্লেখ করে বলেন,
প্রথমত, ৭ মার্চ বঙ্গবন্ধুর দেওয়া ভাষণকে স্বাধীনতার ঘোষণা মানতে হবে। দ্বিতীয়ত, বঙ্গবন্ধুকে জাতির জনক মানতে হবে এবং তৃতীয়ত,
এই সরকারকে বৈধতা দিতে হবে।
আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে অনুষ্ঠিত আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন। সরকারের সঙ্গে আলোচনায় বসতে সরকারকে প্রস্তাব দেওয়ার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী গতকাল যে আহ্বান জানিয়েছেন, সে সম্পর্কে সুরঞ্জিত এসব কথা বলেছেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপির নেতা খালেদা জিয়া ও বি চৌধুরীকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা যদি আমাদের শর্তগুলো না মানেন তাহলে আগাম নির্বাচনও হবে না, সংলাপও হবে না।’
আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেছেন, ‘৭ মার্চ এখন সংবিধানের অংশ। এটা অমান্য করলে সংবিধান লঙ্ঘন হবে। এই ভাষণই আমাদের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক স্বাধীনতার ঘোষণা।’ সুরঞ্জিত আরও বলেন, সংবিধানের কিছু মানবেন আর কিছু মানবেন না, তা হবে না।