বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না—জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। খালেদা জিয়ার পৃথক দুটি রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এস এম এম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল সোমবার এই রুল জারি করেন।জানা গেছে, জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্ট ও ভৈরব সেতু নির্মাণ প্রকল্প নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য খালেদা জিয়াকে দুদক নোটিশ দিয়েছিল। এর বৈধতা চ্যালেঞ্জ করে ২৩ মে খালেদা জিয়া দুটি রিট দায়ের করেন। গতকাল শুনানির পর আদালত দুদকের প্রতি রুল জারি করেন। এক সপ্তাহের মধ্যে দুদকের চেয়ারম্যান, কমিশনার, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দুদকের পক্ষে আনিসুল হক এবং খালেদা জিয়ার পক্ষে মওদুদ আহমদ শুনানিতে অংশ নেন। শুনানিতে খালেদার আইনজীবী বলেন, ভৈরব সেতু ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য খালেদা জিয়াকে দুদক কয়েক দফা চিঠি দেয়। প্রতিবারই তাঁর পক্ষ থেকে দুদককে চিঠি দিয়ে অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হয়। আইন অনুযায়ী দুদক অভিযোগ জানাতে বাধ্য।