তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সন্ত্রাস, গুপ্তহত্যা ও জঙ্গিবাদের আশ্রয় ও প্রশ্রয়দাতা। তাঁকে আটকানো না গেলে দেশ থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ স্থায়ীভাবে নির্মূল করা যাবে না। গত শুক্রবার রাতে ফরিদপুর সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলা জাসদের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
‘দেশে সন্ত্রাসীরা পরাজিত হয়েছে, জঙ্গি তৎপরতা কমে গেছে’ দাবি করে হাসানুল হক বলেন, তবে বাংলাদেশ পুরোপুরি বিপদমুক্ত হয়নি। ‘যত দিন রাজাকার, জঙ্গি ও একাত্তরের খুনিদের নেতৃত্ব দেবেন খালেদা জিয়া, তত দিনে আমরা বিপদমুক্ত হব না’ বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
একাত্তর, পঁচাত্তর ও ২১ আগস্টের খুনিদের রক্ষার জন্য রাজনীতি করছেন খালেদা জিয়া—এমন মন্তব্য করে হাসানুল হক বলেন, আজ তাঁরা জনমনে আতঙ্ক ছড়ানোর জন্য গুপ্তহত্যার পথ বেছে নিয়েছেন। এসব বন্ধ করতে হলে খালেদা জিয়াকে আটকাতে হবে।
জাসদকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে দলের সভাপতি হাসানুল হক বলেন, জাসদ শক্তিশালী হলে বাংলাদেশ শক্তিশালী হবে। জাসদ ১৪ দল ত্যাগ করবে না বলে মন্তব্য করে তিনি বলেন, দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে হলে সমমনা দলগুলোকে নিয়ে মহা ঐক্য গড়ে তুলতে হবে। এ ঐক্যের বাইরে গিয়ে এককভাবে সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে সফলতা আসবে না।
পরে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ‘মানুষের নিরাপত্তা না থাকলে উন্নয়ন দিয়ে কী হবে’—সুলতানা কামালের এ মন্তব্যের প্রতি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে হাসানুল হক বলেন, ‘বাংলাদেশের ৮০ হাজার গ্রামের ১৬ কোটি মানুষ যতটা নিরাপদে আছে, ইউরোপ-আমেরিকার লোকও ততটা নিরাপদে নেই।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জাসদের প্রবীণ নেতা আফসার উদ্দিন বিশ্বাস। বক্তব্য দেন দলটির জেলা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক নূর ইয়াহিয়া, সহসভাপতি আবদুস সামাদ, জেলা নারী জোটের আহ্বায়ক মিলি রহমান প্রমুখ।