খালেদা জিয়াকে ফুল দিয়ে দলে ফিরলেন মেয়র মনিরুল
দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে ফিরে গেলেন নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু। গতকাল রোববার বিকেল চারটায় নগরের পদুয়ারবাজার এলাকার পথসভায় এলে বেগম জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান মেয়র। ওই সময় উপস্থিত হাজারো জনতা করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান। ওই সময় মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা বেগম সেলিমা রহমান, নাঙ্গলকোটের বিএনপিদলীয় সাবেক সাংসদ আবদুল গফুর ভূঁইয়া ও বরুড়ার বিএনপিদলীয় সাবেক সাংসদ জাকারিয়া তাহের। দলীয় সূত্রে জানা গেছে, গত ৭ ডিসেম্বর মনিরুল হক সাক্কু বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নিয়ে মেয়র পদে নির্বাচন করেন। ৫ জানুয়ারি মনিরুল হক আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আফজল খানকে ২৯ হাজার ১০৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এরই পরিপ্রেক্ষিতে গত শনিবার রাতে দলের স্থায়ী কমিটির এক বৈঠক হয়। ওই বৈঠকে মনিরুল হক সাক্কুর অব্যাহতিপত্র তুলে নেওয়া হয়। একই সঙ্গে তাঁকে দলে ফিরিয়ে নেওয়া হয়। জানতে চাইলে মেয়র মনিরুল হক বলেন, ‘৩৩ বছর ধরে আমি বিএনপির রাজনীতি করে আসছি। দল নির্বাচনে না যাওয়ায় অব্যাহতি নিয়ে অংশ নিয়েছি। জনগণের চাপে নির্বাচন করেছি। জনতার রায়ে মেয়র হয়েছি।’